‘পুলিশের একার পক্ষে অপরাধ দমন করা সম্ভব নয়’
- আপলোড তারিখঃ
১৭-০৮-২০২০
ইং
দর্শনার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন
দর্শনা অফিস:
‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এ স্লোগানে দর্শনা থানার আওতাধীন মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের হলরুমে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু রাসেল বলেন, পুলিশি সেবা জনগণের দরজায় পৌঁছে দিতে জেলার বিভিন্ন স্থানে এ কার্যক্রম চালু করা হয়েছে। অপরাধ দমনে (মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, বাল্যবিবাহ প্রতিরোধ ও ইভটিজিং মুক্ত সমাজ) পুলিশ যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে আইনশৃঙ্খলা স্বাভাবিক রেখে জনগণের পাশে দাঁড়াতে পারে ও সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে, তার জন্যেই এ বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। পুলিশের একার পক্ষে সব অপরাধ দমন করা সম্ভব নয়। সুন্দর সমাজ ও দেশ গড়তে জনগণকে উৎসাহী হয়ে পুলিশকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াবুল হক ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার তমছের আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য খায়রুল ইসলাম, সাইফুল ইসলাম, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী সাইফুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন তানভীর সাগর।
কমেন্ট বক্স