চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়া ও বাগানপাড়া যুব সমাজের উদ্যোগে নির্মিত হচ্ছে ঘাট ছাউনী
- আপলোড তারিখঃ
১৫-০৮-২০২০
ইং
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা শহরের ইসলামপাড়া, বাগানপাড়া ও জ্বিনতলা মল্লিকপাড়ার সাধারণ মানুষের মাথাভাঙ্গা নদীতে গোসল করার ঘাটটি দীর্ঘ দিন থেকে পরিত্যাক্ত রয়েছে। ইচ্ছা থাকলেও এ ঘাটে এলাকার সাধারণ মানুষের পক্ষে ঐতিহ্যবাহী মাথাভাঙ্গা নদীতে গোসল করা সম্ভব হয়ে ওঠে না। কারণ এ ঘাটে শানবাঁধানো সিঁড়ি করা আছে, কিন্তু ময়লা-আবর্জনায় ভরপুর। সকাল হলেই পৌরসভার ময়লা ফেলা ভ্যান দুর্গন্ধযুক্ত ময়লা ফেলে পরিবেশ দূষিত করে। আবার যে রাস্তা দিয়ে ঘাটে নামবে মানুষ সেটিও অমসৃণ। তাই গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা ৫ নম্বর ওয়ার্ডের ইসলামপাড়া ও বাগানপাড়ার কিছু উৎসাহী স্বেচ্ছাসেবক যুবকেরা নিজ উদ্যোগে ঘাটটি পরিস্কারসহ মেরামত শুরু করেছেন। নিজেরা বাঁশ কেটে ঘাটের সিঁড়ির উপর তৈরি করছেন ছাউনী। সিঁড়ি দিয়ে নিচে নামার সুবিধার্থে তৈরি করা হচ্ছে বাঁশের হ্যান্ড সহায়ক হাঁতল। ঘাটের দু-পাশে বাঁশের চেগার দিয়ে করা হবে মাটি ভরাট। এমনটিই জানিয়েছেন এলাকার স্বেচ্ছাসেবক যুবকেরা। এ কাজে অংশগ্রহণকারী যুবক আব্দার, রাকিব, ফরহাদ, রিয়াদ, রাজু, মিল্টন, লিংকন, হামিদ, হৃদয়সহ অনেকে বলেন, সম্ভব হলে ঘাটের এক পাশে পোশাক পরিবর্তন করার জায়গা তৈরি করা হবে। এটি করতে পারলে সাধারণ মানুষ যেমন নিশ্চিন্তে গোসল করতে পারবে, তেমনি বিকেলে বা সন্ধ্যায় নদীর নির্মল হাওয়ায় ও পানির কূল কূল শব্দে এ জায়গাটি হয়ে উঠবে বিনোদনের একটি ছোট্ট জায়গা।
যুব সমাজের কেউ কেউ বলেন, ‘আমরা চুয়াডাঙ্গা পৌরসভার কয়েকজন জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনের বেশ কয়েকজনকে দৃষ্টি আর্কষণ করিয়েছি বিষয়টি। কিন্তু কেউ এগিয়ে আসেনি। তাই আমরা নিজ উদ্যোগেই কাজ শুরু করেছি।’
কমেন্ট বক্স