হরিণাকুণ্ডুতে যুবককে ছুরিকাঘাতে হত্যা
- আপলোড তারিখঃ
২৮-০৭-২০২০
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভবানীপুর বাজারে ছুরিকাঘাতে মিলন আহম্মেদ (৩৮) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। নিহত মিলন খলিশাকুণ্ডু গ্রামের ইছাহাক আলীর ছেলে। গতকাল সোমবার সন্ধ্যায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। নিহত মিলন আহম্মেদের চাচা তাহেরহুদা ইউনিয়নের মেম্বার ওহিদুল ইসলাম জানান, মিলন ভবানীপুর বাজার মসজিদ থেকে আসরের নামাজ পড়ে বাইরে বের হওয়া মাত্রই কুষ্টিয়ার ইবি থানার অর্ন্তগত বলরামপুর গ্রামের মোতালেব ফকিরের ছেলে জুয়েল তাঁকে ছুরি মেরে ভুড়ি বের করে দেন। মিলনকে মুমূর্ষ অবস্থায় হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলে সোমবার সন্ধ্যার দিকে তিনি মৃত্যুবরণ করেন। ওহিদুল মেম্বার আরও জানান, ঘাতক জুয়েলের পিতা মোতালেব ফকির কবিরাজী করতে এসে নিহত জুয়েলের চাচীর সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করেন। সে সময় মিলন ও তাঁর পরিবারের সদস্যরা মোতালেব ফকিরকে অপমান-অপদস্ত করে বা মারধর করে তাড়িয়ে দেন। পিতার অপমানের প্রতিশোধ নিয়ে সুযোগ খুঁজতে থাকেন ঘাতক জুয়েল। পাঁচ বছর আগের সেই ঘটনার প্রতিশোধ নিতে জুয়েল এই হত্যাকাণ্ড ঘটান বলে ওহিদুল মেম্বার অভিযোগ করেন। এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ আসামি ধরার জন্য অভিযান চালাচ্ছে।
কমেন্ট বক্স