চুয়াডাঙ্গায় ইয়াবা-ফেনসিডিসহ দুই মাদক ব্যবসায়ী আটক
- আপলোড তারিখঃ
২৬-০৭-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর থানা এলাকায় মাদকবিরোধী প্রচারণা চালানোর সময় ইয়াবা-ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানার পুলিশ। গতকাল শনিবার দুপুরের পর মাদকবিরোধী প্রচারণা চালাকালে দৌলাতদিয়াড় চুনুড়িপাড়া ও কুকিয়া চাঁদপুর থেকে ইয়াবা ও ফেনসিডিলসহ দুই মাদক ব্যবাসয়ীকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন- চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার চালিতাতলা গ্রামের মৃত ইসলাম আলীর ছেলে জসিম উদ্দীন (৩৭) ও দামুড়হুদা উপজেলার দুধপাতিলা গ্রামের মনিরুল ইসলামের ছেলে জীবন ইসলাম (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খানের নেতৃত্বে চুয়াডাঙ্গা পুলিশের একটি চৌকস দল সদর থানার এলাকায় বিভিন্ন স্থানে মাদকবিরোধী প্রচারণা চালাচ্ছিলেন। ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশের একটি দল চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড় চুনুড়িপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে চট্টগ্রামের জসিম উদ্দীনকে ইয়াবাসহ আটক করেন। এ সময় তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় ১৫ পিস ইয়াবা ট্যাবলেট। অপর দিকে, সদর উপজেলার কুকিয়া চাঁদপুর গ্রামের অভিযান চালিয়ে দুধপাতিলার জীবন ইসলাম নামে একজনকে ফেনসিডিলসহ আটক করা হয়। এ সময় তাঁর দেহ তল্লাশী করে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে পুলিশ বাদী হয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। পুলিশ আরও জানান, ইয়াবাসহ আটক হওয়া চট্টগ্রামের জসিম উদ্দীন একজন প্রকৃত মাদক ব্যবসায়ী। তাঁর নামে চট্টগ্রাম আনোয়ারা থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তিনি চুয়াডাঙ্গাতে বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে ইয়াবা সরবরাহ করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
ইয়াবা-ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটকের সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও পুলিশের আইজিপি মহোদয়ের নির্দেশে মাদক নির্মূলে সারা দেশব্যাপী কঠোর অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গার সুযোগ্য পুলিশ সুপার জাহিদুল ইসলামের নির্দেশনায় সদর থানা এলাকার বিভিন্নস্থানে মাদকবিরোধী প্রচারণা চালায় পুলিশ। প্রচারণা অভিযানের সময় মাদকসহ দুজনকে আটক করা হয়। তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান ও প্রচারণা অব্যাহত থাকবে।
কমেন্ট বক্স