উথলীতে বৃদ্ধাকে মারধরের মামলায় যুবলীগ নেতা আটক
- আপলোড তারিখঃ
২৬-০৭-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
জীবননগর উথলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ষাটোর্ধ বৃদ্ধাকে মারধরের মামলায় ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি ঝনুকে (৩২) আটক করেছে জীবননগর থানার পুলিশ। এ মামলার আরেক আসামি ঝনুর বড় ভাই মিণ্টু পলাতক রয়েছে এখনও। তাঁকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার সূত্রে জানা যায়, গত সোমবার দুপুর ১২টার দিকে উথলী বাজারপাড়ার মৃত আকবর আলীর ছেলে তরিকুল ইসলাম তাঁর বাড়ির জমিতে থাকা মালামাল পাশে অন্য বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। এ সময় একই এলাকার মৃত কালু মণ্ডলের ছেলে মিণ্টু ও ঝনু তাঁকে বাধা দেয়। পাশে থাকা তাঁর মা শুকজান বেগম (৬৫) প্রতিবাদ করলে ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করে মিণ্টু। এ সময় তরিকুলের মেয়ে ও ভাগ্নি এগিয়ে এলে তাঁদেরকে লোহার রড দিয়ে মারধর করে ঝনু। মারামারির একপর্যায়ে তরিকুল ইসলাম হাজির হলে তাঁকেও মারধর করা হয়। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় তাঁদেরকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় বাদী হয়ে ওই দিনই তাঁদের দুইজনের বিরুদ্ধে একটি মামলা করেন তরিকুল ইসলাম।
এ প্রসঙ্গে জীবননগর থানার তদন্ত ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, জীবননগর উথলীতে মারামারির ঘটনায় একটি মামলা করা হয়েছে। পরে অভিযান চালিয়ে মামলার আসামি উথলী বাজারপাড়ার কালু মণ্ডলের ছেলে ঝনুকে আটক করা হয়। মামলার আরেক আসামিকে ধরতে অভিযান চলছে।
কমেন্ট বক্স