মদনায় বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু!
- আপলোড তারিখঃ
২৫-০৭-২০২০
ইং
সমীকরণ প্রতিবেদক:
দামুড়হুদা উপজেলার মদনায় পল্লী বিদ্যুতের মিটার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিলন (৩৫) নামের এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহত মিলন মদনা মাঝের পাড়ার ফারুক হোসেনের ছেলে। গতকাল শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের মদনা গ্রামের মাঝের পাড়ার ফারুক হোসেনের ছেলে ইলেকট্রিক মিস্ত্রি মিলন একই গ্রামের হেলেপাড়ার মালেকের বাড়ির মিটার সরানোর কাজ করছিলেন। এমন সময় অসাবধানতার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থানেই মারা যান। মৃত ব্যক্তির লাশ গতকাল আসরের নামাজের পর জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।
কার্পাসডাঙ্গা পল্লী বিদ্যুৎতের সাব অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার শুভ্রত্ব দেব সরকার জানান, ‘মিটারের কাজ করা কিম্বা সরানোর ব্যাপারে আমরা কিছুই জানি না। তবে শুনেছি মিলন মিস্ত্রি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।’
দামুড়হুদা উপজেলার মদনা-পারকৃষ্ণপুরের দায়িত্বে থাকা পল্লী বিদ্যুতের এজিএম জানান, ‘আমাদের পল্লী বিদ্যুতের লাইন মিটার দেখার জন্য লাইনম্যান কার্পাসডাঙ্গা অফিস ইনচার্জ আছেন। তাদের মাধ্যমে এই কাজগুলো করতে হবে অর্থাৎ পল্লী বিদ্যুৎ অফিসের নিয়মানুযায়ী কাজ করতে হবে। অন্যথায় অফিসকে না জানিয়ে কোনো কাজ করলে তা আইন বহির্ভূত কাজ করা হবে। তবে মিলন মিস্ত্রি মিটার সরাতে কিম্বা মিটারের কাজ করতে গিয়ে মারা গেছে, তা আমার জানা নেই।’
কমেন্ট বক্স