আলমডাঙ্গায় উপসর্গ নিয়ে ব্যবসায়ীর মৃত্যু!
- আপলোড তারিখঃ
২৪-০৭-২০২০
ইং
শ্বাসকষ্টে মারা যাওয়া গৌরচন্দ্র বিশ্বাসের করোনা পজিটিভ
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার কলেজপাড়ায় করোনা উপসর্গ নিয়ে মকবুল হোসেনে (৭৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মারা যান। জানা গেছে, আলমডাঙ্গার কলেজপাড়ার বিশিষ্ট কাপড় ব্যবসায়ী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বৃদ্ধ মকবুল হোসেন ৫-৬ দিন আগে অসুস্থ হয়ে পড়েন। তাঁর জ্বর, সর্দি-কাঁশি ও শ্বাসকষ্ট ছিল। গত ২২ জুলাই তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর করোনাভাইরাস পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। নমুনা সংগ্রহের পর হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন। রাতেই তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে তিনি মারা যান। মৃত ব্যক্তি আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট কাপড় ব্যবসায়ী আলম হোসেনের পিতা।
এদিকে, গত ২১ জুলাই আলমডাঙ্গার রথতলায় গৌরচন্দ্র বিশ্বাস নামের আরেক ব্যক্তি জ্বর, সর্দি-কাঁশি ও শ্বাসকষ্টের মতো করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। তিনিও চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মৃত্যুবরণ করেন। গতকাল তাঁর রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। এদিকে, তাঁর ছোট ভাই নিমাই চন্দ্র বিশ্বাসেরও করোনা পজিটিভ হয়েছে বলে উপজেলা স্বাস্থ পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাদী জিয়াউদ্দিন আহম্মেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
কমেন্ট বক্স