শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

স্বাস্থ্যবিধি না মানলে হাট বন্ধ হবে, তদবিরে কাজ হবে না

  • আপলোড তারিখঃ ২৪-০৭-২০২০ ইং
স্বাস্থ্যবিধি না মানলে হাট বন্ধ হবে, তদবিরে কাজ হবে না
চুয়াডাঙ্গায় পবিত্র ঈদুল আজহার প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পবিত্র ঈদুল আজহা উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, করোনাভাইরাসের কারণে সরকার সিদ্ধান্ত নিয়েছে আসন্ন ঈদুল আজহায় ঈদের জামাত উন্মুক্ত মাঠের পরিবর্তে স্বাস্থ্যবিধি মেনে নিকটস্থ মসজিদে অনুষ্ঠিত হবে। সেই নির্দেশনা মেনেই ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। সামাজিক দূরত্ব রেখে নামাজ আদায় করতে হবে। নামাজ শেষে কোলাকুলি এবং হাত না মেলানোই ভালো। তিনি বলেন, কোরবানির পশুর চামড়া ছাড়ানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যাতে চামড়া ছাড়ানোর সময় নষ্ট না হয়ে যায়। চামড়া নষ্ট হলে বিদেশে রপ্তানিসহ চামড়ার ব্যবহারে সমস্যা হয়। দাম কম পাওয়া যায়। তাই সাবধানে চামড়া ছাড়াতে হবে। সরকারি নিয়ম মেনে লাইসেন্স নিয়েই চামড়ার ব্যবসা করতে হবে। কঠোর নিরাপত্তা থাকবে। যাতে চামড়ার পাচার না হয়। ওই পার থেকে এই পারে কোনো কোরবানির পশু আসবে না, এই পার থেকে ওইপারে কোনো চামড়া যাবে না। পাচাররোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্দিষ্ট স্থানেও কোরবানি করা যাবে। তবে করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাড়িতেই কোরবানি করা ভালো। বাড়িতে কোরবানি যারা করবে, তারা নিজ দায়িত্বে বর্জ্র্য অপসারণ করবে। পৌরসভার নির্ধারিত কোরবানি করার স্থানে রেখে আসলে পৌরসভা সেখান থেকে সেটি অপসারণ করবে। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার আরও বলেন, ‘সরকারি নিয়ম মেনে মাস্ক প্রত্যেককে পড়তে হবে। মাস্ক না পড়লে জরিমানা করা হবে। মাস্ক পড়া বাধ্যতামূলক। মসজিদের ইমাম সাহেবদেরও মাস্ক পড়তে হবে। নাগরিক হিসেবে আমাদের কিছু দায়িত্ব থাকে। রাষ্ট্র নাগরিকের ভালোর জন্যই নিয়ম বা আইন তৈরি করে। সুনাগরিকের দায়িত্ব সেটি মেনে নেওয়া। গরুর হাটসহ বিভিন্ন হাট-বাজারগুলোতে মানুষ নিয়ম মানছে না। তবে ইজারাদারদের দায়িত্ব, স্বাস্থ্যবিধি মানাতে হবে। স্বাস্থ্যবিধি না মানলে হাট বন্ধ করা হবে, কোনো তদবিরে কাজ হবে না।’ সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস, আমজাদ হোসেন, ফিরোজ হোসেন, মেডিকেল অফিসার ডা. আওলিয়ার রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ বি এম রবিউল ইসলাম প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ