গাংনীতে আরও চারজনের করোনা পজিটিভ
- আপলোড তারিখঃ
২০-০৭-২০২০
ইং
গাংনী অফিস:
মেহেরপুরের গাংনীতে নতুন করে আরও চারজন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১৩৩ জন। গতকাল রোববার রাত ৯টায় এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন। আক্রান্তরা ব্যক্তিরা হলেন গাংনী থানাপাড়ার বাসিন্দা বেসিক ব্যাংকের প্রধান শাখার কর্মকর্তা সামসের মাহমুদ, চৌগাছা ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও গাংনী জেলা পরিষদ মার্কেটের কসমেটিকস ব্যবসায়ী আশফাক হোসেন ও তাঁর চাচা আরেফিন আলী এবং মটমুড়া ইউপির হোগলবাড়িয়া স্কুলপাড়ার বিলকিছ খাতুন।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াজুল আলম বলেন, প্রশাসনের সহায়তায় আক্রান্তদের বাসভবন লকডাউন করা হবে। আক্রান্ত ব্যক্তিরা হোম আইশোলেশনে থেকে চিকিৎসা সেবা নেবেন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সকল করোনা আক্রান্তদের সার্বিকভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে। তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানিয়েছেন। মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন জানান, কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে ২৪টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে গাংনীর চারজনের করোনা পজিটিভ।
কমেন্ট বক্স