শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মোবারকগঞ্জ চিনিকল শ্রমিকদের বেতন ও আখের মূল্য পরিশোধের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

  • আপলোড তারিখঃ ২০-০৭-২০২০ ইং
মোবারকগঞ্জ চিনিকল শ্রমিকদের বেতন ও আখের মূল্য পরিশোধের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক-কর্মচারীদের বেতন ও চাষিদের আখের মূল্য পরিশোধসহ পাঁচ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় মিলের শ্রমিক ইউনিয়নের নের্তৃবৃন্দ কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহার হাতে এ স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন মিলের শ্রমিক ইউনিয়নের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির দরকষাকষি সম্পাদক মো. গোলাম রসুল, সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলামসহ নেতৃবৃন্দ। স্মারকলিপি প্রদানকালে মিলের শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল বলেন, আসন্ন ঈদের আগে শ্রমিক ও কৃষকদের পাওনা পরিশোধ না করলে রেল ও সড়ক যোগাযোগ অবরোধের মতো বড় ধরনের কর্মসূচি পালন করা হবে। স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে শ্রমিক নেতৃবৃন্দ জানান, মিলের শ্রমিক-কর্মচারীদের গত তিন মাসের ৪ কোটি ৫ লাখ টাকা বকেয়া রয়েছে। এছাড়া সদ্য শেষ হওয়া মাড়াই মৌসুমের কৃষকদের আখের টাকা বাকি রয়েছে ৫ কোটি ৫১ লাখ টাকা। এ সময় তাঁরা আরও জানান, করোনা সংকটে মিলটি বকেয়া বেতন ও আখের টাকা পরিশোধ না করায় শ্রমিক-কর্মচারী ও কৃষকেরা মানবেতর জীবনযাপন করছেন। বিষয়টি নিয়ে করপোরেশনকে বারবার অবহিত করার পরও কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ করেন নেতৃবৃন্দ। উল্লেখ্য, ২০১৯-২০২০ মাড়াই মৌসুমে ৯৬ কার্যদিবসে এক লাখ ৩৯ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে প্রায় সাত হাজার মেট্রিক টন চিনি উৎপাদন করে মিলটি। মাড়াই মৌসুম শেষ হওয়ার পাঁচ মাস পার হলে মিল গোডাউনে এখনো প্রায় তিন হাজার মেট্রিকটন চিনি অবিক্রিত রয়েছে। চিনি বিক্রি না হওয়ায় শ্রমিক-কর্মচারী ও আখচাষিদের পাওনা পরিশোধ করতে পারছে না মিল কর্তৃপক্ষ।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ