কালীগঞ্জে ইউনিলিভারের ডিপোতে আবারও চুরি
- আপলোড তারিখঃ
১৬-০৭-২০২০
ইং
প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহের কালীগঞ্জে ইউনিলিভার ডিপো এ আর ট্রেডার্সে আবারও দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা অফিসের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ৭টি ট্যাব, নগদ টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে গেছে। গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের নিশ্চিন্তপুর ফুড গোডাউনের সামনে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ইউনিলিভারের কালীগঞ্জ ডিপো এ আর ট্রেডার্সের ম্যানেজার কবির হোসেন ডিপো অফিসের সিসি ক্যামেরায় রেকর্ডকৃত চিত্রের বর্ণনা দিয়ে জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টা ১৬ মিনিটে চোরেরা অফিসের ২য় তলার পেছনের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। একজন মুখোশধারী চোর প্রথমেই রুমের কয়েকটি সিসি ক্যামেরা উল্টে দেয়। এরপর অফিসের একাধিক ক্যাশ টেবিলের ড্রয়ার ভেঙে ২০ হাজার টাকা ও পাশের রুমের দরজা ভেঙে সেলসম্যানদের রাখা ৭টি ট্যাব নিয়ে যায়। তিনি আরও জানান, চোরেরা অফিসের টাকার মূল ভোল্ট ভাঙতে না পারলেও তাঁদের প্রায় ২ লাখ টাকার মালামাল খোয়া গেছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুরির ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, চুরির ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তিনি একটি অভিযোগ পেয়েছেন। তিনি আরও জানান, একই প্রতিষ্ঠানে বারবার চুরি হওয়ার ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
কমেন্ট বক্স