দামুড়হুদা লোকনাথপুর থেকে তক্ষক সাপ উদ্ধার, অরণ্যে অবমুক্ত
- আপলোড তারিখঃ
১০-০৭-২০২০
ইং
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার লোকনাথপুর থেকে একটি তক্ষক সাপ উদ্ধার করেছে উপজেলা বন বিভাগ। উদ্ধারকৃত তক্ষক সাপটি অরণ্যে মুক্ত করে দেওয়া হয়েছে। গত বুধবার বেলা একটার দিকে উদ্ধারকৃত তক্ষক সাপটি হাউলী ইউনিয়ন পরিষদের পাশে রাস্তার চটকা গাছে ছেড়ে দেওয়া হয়।
জানা যায়, দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের লোকনাথপুর গ্রামের কালাম উদ্দীনের ছেলে টেলিভিশন মিস্ত্রি মনিরুল ইসলাম দুই বছর আগে থেকে বন্যপ্রাণী একটি তক্ষক সাপ পোষেন। সংবাদ পেয়ে উপজেলা বন কর্মকর্তা রাকিব উদ্দীন ও উপজেলা ফিল্ড অফিসার এন এস আই সোহাগ হোসেন অভিযান চালিয়ে একটি চিতা তক্ষক সাপ উদ্ধার করেন। পরে হাউলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দীন ও ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলামের উপস্থিতিতে হাউলী ইউনিয়ন পরিষদের পাশে রাস্তার চটকা গাছে বন্যপ্রাণী তক্ষক সাপটি ছেড়ে দেওয়া হয়। সেই সঙ্গে শখের বসে পোষার কারণে মনিরুলকেও দায় থেকে মুক্তি দেওয়া হয়। মনিরুল জানাম, ‘শখের বসে আমি দুই বছর আগে একটি বটগাছ থেকে ধরে নিয়ে আসি। তারপর থেকে একটি খাঁচায় রেখে তাকে পুষি। তাকে আমি ঘুগরো খেতে দিতাম। তবে আইনে নিষেধ আছে কি না, আমি জানতাম না।’
কমেন্ট বক্স