২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু, আক্রান্ত ৩৩
- আপলোড তারিখঃ
১০-০৭-২০২০
ইং
ঝিনাইদহের শহর-গ্রাম, পাড়া-মহল্লায় করোনার ভয়ঙ্কর বিস্তার
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ শহরের পাড়া মহল্লায় করোনা ছড়িয়ে পড়েছে। জেলার কয়েকটি গ্রামেও বিস্তার ঘটেছে মহামারি এই রোগের। গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহে তিনজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৩৩ জন। উপসর্গ নিয়ে মারা গেছে একজন। এই নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭। ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডা. প্রসেঞ্জিত এ তথ্য জানান।
সূত্র মতে, গতকাল বৃহস্পতিবার ঝিনাইদহে করোনাভাইরাসে আক্রান্ত জামায়াত নেতা তাজুল ইসলাম (৬৫) মারা গেছেন। তিনি ঝিনাইদহ শহরের ট্রাক টার্মিনাল পাড়ার বাসিন্দা। এক সপ্তাহ আগে তাঁর করোনা শনাক্ত হয়। নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে। অন্যদিকে করোনা উপসর্গ নিয়ে মৃত শৈলকুপার রাকিব হোসেনের রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি করোনা উপসর্গ নিয়ে গত মঙ্গলবার ঝিনাইদহ সদর হাসপাতালে মারা যান। রাকিব হোসেন শৈলকুপা উপজেলার মিন গ্রামের খেলাফত মণ্ডলের ছেলে। এদিকে, ঝিনাইদহের সাবেক সিভিল সার্জন ও খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা রঞ্জুর ছোট বোন পলি আক্তার বৃহস্পতিবার ভোরে করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। তিনি ঝিনাইদহের বিশিষ্ট ব্যবসায়ী জাহিদের স্ত্রী। একইদিন দুপুরে আদর্শপাড়ায় মামুন নামে এক যুবক করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। তিনি ঝিনাইদহ জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রণকের বড় ভাই। পারিবারিক সূত্রে বলা হয়েছে, ৭ দিন ধরে মামুন করোনা উপসর্গ নিয়ে রোগে ভুগছিলেন। এদিকে, ঝিনাইদহ শহরের বিভিন্ন পাড়ায় ছড়িয়ে পড়েছে করোনা। বৃহস্পতিবার শহরের চাঁন্দমারি পাড়া, আদর্শপাড়া, সিদ্দিকীয়া সড়ক, সদরের যাত্রাপুর, শহরের ওয়ারলেস পাড়া, পাগলাকানাই, ব্যাপারীপাড়া, কোদালিয়া, ভুটিয়ারগাতি, কাঞ্চননগর, পুলিশ লাইনস, সদর পুলিশ ফাঁড়ি, সদর ট্রাফিক পুলিশও আরাপপুর এলাকায় ২৪ জন করোনা শনাক্ত হয়। এছাড়া শৈলকূপার মিনগ্রাম, ভাঁটই বাজার, কালীগঞ্জ উপজেলার দৌলৎপুর, খালকোলা, চাপালি, শিবনগর, হাট বারবাজার, ঢাকালেপাড়া, দুলাল মুন্দিয়া ও ফয়েলা গ্রামে ৭ জন পজিটিভ রোগী শনাক্ত হয়েছে।
কমেন্ট বক্স