ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আলমসাধু চালক নিহত
- আপলোড তারিখঃ
০৪-০৭-২০২০
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে ভেটেরিনারি কলেজের সামনে আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চালক রইস উদ্দিন (৪০) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোর পাঁচটার দিকে ভেটেরিনারি কলেজের সামনে গতিরোধকের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত রইস উদ্দিন হরিণাকুণ্ডু উপজেলার শাখারীদহ বাজারের আফতাব বিশ্বাসের ছেলে। পরে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। সরেজমিনে দেখা গেছে, ভেটেরিনারি কলেজের সামনে কাছাকাছি দুটি গতিরোধক বসানো হয়েছে। কিন্তু এই গতিরোধকের ওপর সাদা রং দিয়ে সাংকেতিক চিহ্ন দেওয়া নেই। যার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার স্বীকার হচ্ছে মানুষ। এলাকাবাসী ও পথচারীদের অভিযোগ, রাস্তায় অপরিকল্পিতভাবে একই স্থানে দুটি গতিরোধকের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। তাঁরা এই গতিরোধক দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন।
কমেন্ট বক্স