জীবননগরে করোনাজয়ী স্বাস্থ্যকর্মীকে ফুলেল সংবর্ধনা
- আপলোড তারিখঃ
২৯-০৬-২০২০
ইং
জীবননগর অফিস:
জীবননগর উপজেলার কাশিপুর কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী রোজিনা খাতুন করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ কাটিয়ে সুস্থ হওয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলার খয়েরহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় করোনাজয়ী কাশিপুর কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী খয়েরহুদা গ্রামের আব্দুর রহমান মাস্টারের স্ত্রী রোজিনা খাতুনকে ফুলেল শুভেচ্ছা ও উপহারসামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুলিয়েট পারউইন স্নিগ্ধা, কেডিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার শিপলু, এমটিইপিআই জুলফিকার রহমানসহ ইউনিয়ন পরিষদের সব সদস্য ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
এ সময় রোজিনা খাতুন বলেন, ‘মহান আল্লাহ তায়ালার অশেষ কৃপায় আজ আমি করোনা মুক্ত। লাখো লাখো শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তায়ালার দরবারে। সেই সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করছি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুলিয়েট পারউইন স্নিগ্ধার প্রতি। কারণ এই মানুষগুলো প্রতিনিয়ত আমার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন এবং প্রয়োজনীয় ওষুধপত্রের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা সবাই যদি স্বাস্থ্যবিধি মেনে চলি, তাহলে করোনাকে জয় করা সম্ভব।’
উল্লেখ্য, চলতি মাসের ৭ তারিখে রোজিনা খাতুনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। সেই থেকে তিনি হোম আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন। ১৪ দিন হোম আইসোলেশনে থাকার পর তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে এবং তিনি করোনা থেকে সুস্থতা লাভ করেন।
কমেন্ট বক্স