আধুনিক যন্ত্রের ব্যবহারে কৃষিতে এসেছে বৈপ্লবিক পরিবর্তন
- আপলোড তারিখঃ
২৯-০৬-২০২০
ইং
দামুড়হুদায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধনকালে আলী মুনছুর বাবু
রোকনুজ্জামান রোকন/মোজাম্মেল শিশির:
করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যেই দামুড়হুদায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু।
প্রধান অতিথির বক্তব্যে আলী মুনছুর বাবু বলেন, কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন হচ্ছে এবং সেগুলোর ব্যবহার ইতিমধ্যে শুরু হয়েছে। এসব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষির বহুলাংশে উন্নয়ন হচ্ছে। প্রযুক্তির ব্যবহার কৃষকের দৌঁরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য প্রযুক্তি মেলার আয়োজন করা হচ্ছে। মাঠপর্যায়েও কৃষি কর্মকর্তারা কৃষকদের প্রযুক্তি ব্যবহারে সহযোগিতা করছেন। আধুনিক যন্ত্রের ব্যবহারে কৃষিতে এসেছে বৈপ্লবিক পরিবর্তন।
বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত করেন উপসহকারী কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়রম্যান সহিদুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা খাতুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিত কুমার সরকার। এছাড়াও বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান।
এর আগে প্রধান অতিথি আলী মুনছুর বাবু ফিতে কেটে মেলার উদ্বোধন করেন ও মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় সামাজিক দূরুত্ব না মেনে গায়ে গা লাগিয়ে বসে থাকা উপস্থিত কৃষকদের মধ্যে অনেকেই মুখে মাস্ক পরিধান না করা এবং সামাজিক দূরুত্ব বজায় না রেখেই মেলায় প্রবেশ করতে দেখা যায়। পরে অবশ্য সামাজিক দূরুত্ব বজায় রেখে মেলায় প্রবেশ এবং বসার আহ্বান জানান প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং স্বাস্থ্যবিধি না মানা কয়েকজনকে মাস্ক পরিয়ে দেওয়া হয় কৃষি অফিসের পক্ষ থেকে। এবার মেলায় মাত্র ছয়টি স্টল স্থান পেয়েছে। অনুষ্ঠান শেষে ৬০ জন কৃষকের মধ্যে নারিকেলের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কায়জার আলী পল্টু।
কমেন্ট বক্স