আরও মৃত্যু ৩৪, শনাক্ত ৩৫০৪
- আপলোড তারিখঃ
২৮-০৬-২০২০
ইং
দেশে করোনায় মৃতের ৩৯ শতাংশ ষাটোর্ধ্ব
সমীকরণ প্রতিবেদন:
দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বাধিক মৃত্যুবরণ করেছেন ষাটোর্ধ্ব ব্যক্তিরা। মোট মৃতের মধ্যে এই বয়সের মানুষ ৩৯ ভাগ মৃত্যুবরণ করেছেন। এরপর ৫১ থেকে ৬০ বছর বয়সী ব্যক্তিদের মধ্যে ২৯ দশমিক ৬ ভাগ মৃত্যুবরণ করেছেন। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইট থেকে মৃতদের বয়সের বিশ্লেষণ অনুসারে দেখা গেছে, ৪১ থেকে ৫০ বছরের ব্যক্তিদের মধ্যে ১৭ দশমিক ৪ ভাগ মৃত্যুবরণ করেছেন। ৩১ থেকে ৪০ বছরের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৮ দশমিক ৩ ভাগ, ২১ থেকে ৩০ বছরের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৩ দশমিক ৪ ভাগ, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ দশমিক ৫ ভাগ ও ১ থেকে ১০ বছরের মধ্যে শূন্য দশমিক ৮ ভাগ। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৪ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ৬৯৫ জনের মৃত্যু হলো। একই সময়ে দেশে নতুন করে আরও ৩ হাজার ৫০৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট ১ লাখ ৩৩ হাজার ৯৭৮ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১৮৫ জন। স্বাস্থ্য অধিদফতরের অনুমিত হিসাবে এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৩১৮ জন। গতকাল শনিবার করোনাভাইরাস সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানান ধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে দেশে আরও একটি নতুন ল্যাব চালু হয়েছে। চট্টগ্রামে শেভরন ক্লিনিক্যাল ডায়াগনস্টিক প্রাইভেট লিমিটেড নামে নতুন এ ল্যাব চালু হওয়ায় দেশে এখন ৬৭টি ল্যাবে কভিড-১৯ পরীক্ষা হচ্ছে। তবে গত ২৪ ঘণ্টায় ৫৮ টি গবেষণাগার থেকে নমুনা সংগ্রহের প্রতিবেদন দিয়েছে। পাঁচটি বেসরকারি ল্যাব, দুটি বিশ্ববিদ্যালয় এবং দুটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তাদের নমুনা পরীক্ষার প্রতিবেদন দেয়নি। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৫৯টি, ৫৮টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ১৫৭টি। এখন পর্যন্ত ৭ লাখ ১২ হাজার ৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এক দিনে পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৩ দশমিক ১২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৫৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৭ শতাংশ। ডা. নাসিমা সুলতানা জানান, দেশে গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৩২ জন পুরুষ ও দুজন নারী। তাদের ৩০ জন হাসপাতালে মারা গেছেন, চারজনের মৃত্যু হয়েছে বাড়িতে। মৃতদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয়জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৩ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে সাতজন। তাদের মধ্যে ঢাকা বিভাগের ১৩ জন, চট্টগ্রাম বিভাগের ১০ জন, রাজশাহী বিভাগের চারজন, সিলেট বিভাগের চারজন, রংপুর বিভাগের দুজন এবং খুলনা বিভাগের একজন বসিন্দা ছিলেন।
কমেন্ট বক্স