আলমডাঙ্গায় বমি ও শ্বাসকষ্টে যুবকের মৃত্যু
- আপলোড তারিখঃ
২৬-০৬-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গা উপজেলার জুগিরহুদায় করোনা উপসর্গ বমি ও শ্বাসকষ্ট নিয়ে শরিফুল ইসলাম (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করায় হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর নমুনা সংগ্রহ করেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম চার বোন ও দুই ভায়ের মধ্যে ছোট। তিনি তাঁর বাবার সঙ্গে কৃষিকাজ করেন। প্রতিদিনের ন্যায় গতকালও কৃষিকাজ শেষে দুপুরে বাড়ি ফিরলে বুকে ব্যথা অনুভব করেন তিনি। বিকেল চারটার দিকে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেস। পরে চিকিৎসকধীন অবস্থায় মারা যান শরিফুল ইসলাম। শরিফুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের জুগিরহুদা গ্রামের শেষপাড়ার কোরবান আলীর পুত্র।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবুর রহমান বলেন, গতকাল বিকেলে শরিফুল ইসলাম শ্বাসকষ্ট ও বমির উপসর্গ নিয়ে ভর্তি হন। ঘণ্টা দেড়েক পর তিনি মারা যান।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. শামীম কবীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল বিকেলে শরিফুল ইসলাম শ্বাসকষ্ট ও বমির উপসর্গ নিয়ে ভর্তি হলে প্রায় ঘণ্টা দেড়েক পর মারা যান। করোনাভাইরাস সন্দেহে তঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে, গতকাল রাত সাড়ে নয়টার দিকে চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের একটি টিম জুগিরহুদায় উপস্থিত হয়ে জানাজা শেষে স্বাস্থ্যবিধি মেনে শরিফুল ইসলামের দাফনকার্য সম্পন্ন করেন।
এদিকে, চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রিপোর্ট আসেনি বলে নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২০৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও পাঁচজন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হলেন ১১৫ জন।
কমেন্ট বক্স