চুয়াডাঙ্গায় সরকারি চাকরি দেয়ার প্রলোভনে মুক্তিযোদ্ধার কণ্যার টাকা আত্মসাতের অভিযোগ
- আপলোড তারিখঃ
২৩-০৬-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে এক মুক্তিযোদ্ধার মেয়ের কাছ
থেকে পাঁচ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন চুয়াডাঙ্গার
দামুড়হুদা গুলশানপাড়ার গোলাম হোসেনের ছেলে ছানোয়ার হোসেন।
পাওনা এ টাকা চাইতে গিয়ে শারীরিকভাবেও নির্যাতনের শিকার
হয়েছেন ওই নারী। সোমবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে এক
সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন দামুড়হুদার জয়রামপুর গ্রামের
বীরমুক্তিযোদ্ধা মৃত আব্দুল মোতালেবের মেয়ে মুসলিমা খাতুন।
মুসলিমা খাতুন তার লিখিত বক্তব্যে বলেন, ছানোয়ার হোসেন তাকে
সরকারি চাকরি পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে পাঁচ লাখ ৩০ হাজার
টাকা হাতিয়ে নেয়। জমি বিক্রি এবং এনজিও থেকে ঋণ নিয়ে
উল্লেখিত পরিমাণ টাকা অভিযুক্ত ছানোয়ারের হাতে তুলে দেন বলে তিনি জানান। পরে চাকরি
দিতে ব্যর্থ হলে ছানোয়ারের কাছে পাওনা টাকা দাবী করায় ছানোয়ার
তাকে নানাভাবে হুমকি ধামকি দিতে থাকে ও সেইসাথে কয়েকদফা মারধরও করেন। এর প্রেক্ষিতে মুসলিমা খাতুন পুলিশে অভিযোগ দেন
এবং আদালতে চেক জালিয়াতির তিনটি মামলাও করেন। এসব মামলা এখন আদালতে বিচারাধীন রয়েছে। এ অবস্থায় ছারোয়ার হোসেন নতুন করে তাকে
হত্যার হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন মুসলিমা খাতুন।
এ বিষয়ে অভিযুক্ত ছানোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে
তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, মুসলিমা খাতুন
প্রতারণামূলকভাবে তার কাছ থেকে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে
নিয়েছেন। তিনি আরও দাবী করেন মুসলিমা খাতুন তার সাবেক স্ত্রী। তার
সাথে প্রতারণা করে ওই নারী বিয়ে করেন বলে জানান ছানোয়ার
হোসেন।
কমেন্ট বক্স