চুয়াডাঙ্গা ফেরিঘাট রোডে দুটি ট্রাকের কাঁচ ভাঙচুরের অভিযোগ
- আপলোড তারিখঃ
২৩-০৬-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা ফেরিঘাট সড়কে নিয়মিত যানজটে অতিষ্ট হয়ে দুটি ট্রাক ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাহেলা খাতুন বালিকা বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায়, রাহেলা খাতুন বালিকা বিদ্যালয়ের সামনে দীপ স্যানেটারিজে দুটি ট্রাক থেকে স্যানেটারি পণ্য নামানো হচ্ছিল। এর মধ্যে একটি ট্রাক রাস্তার অধিকাংশটা জুড়ে দাঁড়িয়ে ছিল।
স্থানীয়রা জানান, রাহেলা খাতুন বালিকা বিদ্যালয়ের সামনে থাকা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত ট্রাকে করে পণ্য আনা হয়। ঘণ্টার পর ঘণ্টা, আবার কখনো বিকেল থেকে সারা রাত পর্যন্ত রাস্তার ওপর ট্রাক দাঁড় করিয়ে পণ্য নামানো হয়। রাস্তার অধিকাংশ দখল করে থাকায় নিয়মিত রাস্তায় যানজটের সৃষ্টি হয়ে থাকে। আবার পণ্য নামানোর পর ফাঁকা ট্রাকগুলো সরু এই রাস্তা দিয়ে দ্রুতগতিতে চলাচল করে। অনেকবার স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে এ নিয়ে কথা বললেও কোনো লাভ হয়নি। এরই জের ধরে কে বা কারা গতকাল রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা ট্রাক দুটির কাঁচ ভাঙচুর করে।
ট্রাকের হেলপার রাজু জানান, ‘অজ্ঞাতনামা কয়েকজন হঠাৎ করেই আমার কাছে জিজ্ঞাসা করে ট্রাকের চালক কোথায়। চালক চা খেতে গেছে এ কথা বলে আমি চালককে ডাকার কথা বলতেই তারা লোহার পাইপ দিয়ে ট্রাকের কাঁচ ভাঙতে থাকে। দুটি ট্রাকের কাঁচ, হেড লাইট ও লুকিং গ্লাস ভেঙে দিয়ে তারা পালয়ে যায়।’
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। ট্রাকের কাঁচ ভাঙার বিষয়ে জানতে পেরে পুলিশ পাঠানো হয়েছিল। কেউ উদ্দেশ্য প্রণোদিত হয়ে ট্রাকের কাঁচ ভাঙতে পারে, আবার কোনো যানবহনের সঙ্গে ধাক্কা লেগেও এ কাঁচ ভেঙে যেতে পারে। লিখিত অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কমেন্ট বক্স