র্যাব সদস্যসহ মেহেরপুরে আরও তিনজনের করোনা শনাক্ত
- আপলোড তারিখঃ
২১-০৬-২০২০
ইং
গাংনী অফিস:
র্যাব-৬ মেহেরপুরের গাংনী ক্যাম্পের এক সদস্যসহ মেহেরপুর জেলায় আরও তিনজন নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। গেল ২৪ ঘণ্টায় ৩৮টি নমুনা পরীক্ষায় এ তিনজন কোভিড-১৯ পজিটিভ বলে জানান সিভিল সার্জন। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গাংনী র্যাব ক্যাম্পের ওই সদস্য গেল কয়েকদিন আগে উপসর্গ নিয়ে নমুনা প্রদান করেন। তাঁর কোভিড-১৯ পজিটিভ হওয়ায় র্যাব ক্যাম্পের সদস্যদের কোয়ারেন্টিন ও র্যাব ক্যাম্প লকডাউনের প্রক্রিয়া চলছে। আক্রান্ত র্যাব সদস্যকে প্রাথমিকভাবে ক্যাম্পে রুম আইসোলেশনে রাখা হয়েছে। এদিকে আক্রান্ত অপর দুইজনের মধ্যে এক নারী মেহেরপুর শহরের একটি আবাসিক হোটেল ম্যানেজারের সংস্পর্শে এসেছিলেন। কয়েকদিন আগে হোটেল ম্যানেজার কোভিড-১৯ পজিটিভ হয়। অপর দিকে, আক্রান্ত আরেকজন সদর উপজেলার কোলা গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার একটি ইপিজেডে চাকরি করতেন। কয়েকদিন আগে তিনি বাড়ি ফিরলে স্বাস্থ্য বিভাগের কর্মীরা তাঁকে সঙ্গরোধ করে। দুই দিন আগে তাঁর শরীরে উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা চার এবং আক্রান্তের সংখ্যা ৪১ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৫ জন।
কমেন্ট বক্স