মেহেরপুরে করোনায় মারা গেলেন আ.লীগ নেতা!
- আপলোড তারিখঃ
২১-০৬-২০২০
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক এম এ মুহিত লাল্টু (৬৫) মারা গেছেন। গতকাল শনিবার ভোরে মেহেরপুর জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এম এ মুহিত লাল্টু মেহেরপুর শহরের নতুন পাড়ার মৃত মোহর আলী মুক্তারের ছেলে। মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন জানান, লাল্টু গত চার দিন যাবৎ মেহেরপুর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। গত শুক্রবার রাতে তাঁর নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার ভোরে তিনি মারা গেছেন। সরকারি স্বাস্থ্যবিধি অনুযায়ী লাল্টুর লাশ দাফন করা হবে। গতকাল শনিবার বিকেলের দিকে মেহেরপুর পৌর কবরস্থানে এম এ মুহিত লাল্টুকে দাফন করা হয়। সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চুয়াডাঙ্গার একটি মাদ্রাসার ৫ সদস্যবিশিষ্ট একটি দল মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল থেকে লাল্টুর মরদেহ কবরস্থানে আনার পর সেখানে ধোয়ানোর কাজে অংশগ্রহণ করেন। পরে মেহেরপুর ইসলামী আন্দোলনের আব্দুল গাফফারের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট একটি দল, ইসলামিক ফাউন্ডেশনের দুইজনসহ মরহুম লাল্টুর পরিবারের ৩-৪ জন সদস্য জানাজা ও দাফন কাজে অংশগ্রহণ করেন।
কমেন্ট বক্স