পুলিশ দেখে ৬ কেজি রুপা ফেলে পালাল চোরাচালানি
- আপলোড তারিখঃ
২০-০৬-২০২০
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় মোটরসাইকেলসহ ফেলে যাওয়া ৬ কেজি রুপা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার কাগমারী বাওড় সংলগ্ন বারোমাস এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। খবরের সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, পুলিশ গোপন সংবাদ পেয়ে কালীগঞ্জ-জীবননগর সড়কের বারোমাস এলাকার একটি ব্রিজে চেকপোস্ট বসিয়ে সব মোটরসাইকেল তল্লাশি করছিল। পুলিশ দেখে দুই চোরাকারবারি মোটরসাইকেল ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। পুলিশ ওই মোটরসাইকেলের সিটের নিচ থেকে একটি প্যাকেটে রাখা ৬ কেজি রুপা উদ্ধার করে। ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, চোরাচালানিরা চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকা থেকে রুপার চালান নিয়ে আসছিল। এ সময় ডিবি পুলিশের এসআই ইউনুসের নেতৃত্বে এক দল গোয়েন্দা পুলিশ চোরাচালানিদের ধরতে বারোমাস এলাকায় ব্রিজের কাছে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। উল্লেখ্য, বুধবার দুপরে সদর উপজেলার হলিধানী এলাকা থেকে পাচারের সময় ৫ কেজি ৭ শ গ্রাম রুপা, ২২ লাখ টাকাসহ ২ জনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। হঠাৎ সোনার পরিবর্তে রুপার চোরাচালান কেন বৃদ্ধি পেল, এ নিয়ে পুলিশ কিছুই জানাতে পারেনি।
কমেন্ট বক্স