গাংনীতে ধান ক্রয়ে ডিজিটাল পদ্ধতিতে কৃষক বাছাই
- আপলোড তারিখঃ
১৯-০৬-২০২০
ইং
গাংনী অফিস:
মেহেরপুরের গাংনী উপজেলায় সরকারিভাবে বোরো ধান ক্রয়ে কৃষক বাছাইয়ে সফটওয়্যারের মাধ্যমে লটারি অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার গাংনী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ লটারি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে কৃষক বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। বিশেষ অতিথি ছিলেন গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কে এম সাহাব উদ্দীন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আয়শা খাতুনসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। ডিজিটাল পদ্ধতিতে লটারি কার্যক্রম পরিচালনা করেন উপজেলার সহকারী প্রোগ্রামার আব্দুর রকিব। গাংনী উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৯ হাজার ৪১৬ জন কৃষকের মধ্যে থেকে ৪০৫ জন কৃষক বাছাই করা হয়। উপজেলায় এবারে বোরো ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ১ হাজার ২০১ মেট্রিক টন। প্রতি কৃষক সরকারি মূল্যে সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান বিক্রয় করতে পারবেন।
কমেন্ট বক্স