এমপি ছেলুন জোয়ার্দ্দার ও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের কার্যক্রমের প্রশংসা
- আপলোড তারিখঃ
১৮-০৬-২০২০
ইং
করোনা পরিস্থিতি ও গাংনীর বর্তমান প্রেক্ষাপট নিয়ে ‘সমীকরণ সংলাপে’ এমপি খোকন ও সাংবাদিক নুহু বাঙালি
নিজস্ব প্রতিবেদক:
দৈনিক সময়ের সমীকর-এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নিয়মিত সরাসরি সম্প্রচারিত সমসাময়িক বিষয়ভিত্তিক অনুষ্ঠান ‘সমীকরণ সংলাপ’ এ গতকাল আলোচনার বিষয় ছিল করোনা পরিস্থিতি ও মেহেরপুরের গাংনী উপজেলার বর্তমান প্রেক্ষাপট। দৈনিক সময়ের সমীকরণের বার্তা সম্পাদক হুসাইন মালিকের গ্রন্থনা ও পরিকল্পনায় বরাবরের মতো গতকাল বুধবার রাত ৯টায় পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনের পরিচালনা ও সঞ্চালনায় সংলাপে অংশ নেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এবং গাংনী উপজেলার সিনিয়র সাংবাদিক নুহু বাঙ্গালী।
সংলাপে পরিচয় পর্বের পর করোনা পরিস্থিতি নিয়ে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মো. সাহিদুজ্জামান খোকন বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আমাদের নির্বাচনী এলাকায় ৯ মার্চ থেকে জনগণকে সচেতন করার জন্য জোর প্রচার-প্রচারণা চালিয়ে গেছি। যা এখনও অব্যাহত আছে। সামাজিক দূরত্ব বজায় রাখা যেখানে করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষার প্রধান উপায়, সেখানে আমাদের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন তা নিশ্চিতকরণের জন্য কাজ করেছে এবং করে যাচ্ছে। প্রশাসনের পাশাপাশি দলীয়ভাবে ও ব্যক্তিগত উদ্যোগে লকডাউনে প্রায় সকল দুস্থদের নিকট খাবার পৌঁছে দিয়েছি। সকলের সম্মুখ চেষ্টায় আমাদের এখানে করোনা সংক্রমণ কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখা গেছে। ঘূর্ণিঝড় আম্পান নিয়ে সাংসদ সাহিদুজ্জামান খোকন বলেন, করোনার মধ্যে প্রাকৃতিক দুর্যোগ আম্পানের পূর্বেই কৃষকেরা তাঁদের জমির ধান কেটে ঘরে তুলতে পেরেছেন। কৃষকদের ধানের ন্যায্যমূল্য পাওয়ায় বিষয়ে কতটা সোচ্চার ছিলেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় প্রতিটি কৃষক যেন তাঁদের ধানের ন্যায্যমূল্য পায়, তাঁদের ধান সরকারি গোডাউনে দিতে পারে, আমি সে ব্যবস্থা করার চেষ্টা করেছি ।’
আমাদের কৃষি প্রধান অঞ্চলে কৃষিভিত্তিক কোনো কল-কারখানা নেই। যদি থাকত, তবে চাষিরা তাঁদের পণ্য সহজে এবং ন্যায্যমূল্যে সরবরাহ করতে পারতেন। সুতরাং এ অঞ্চলে কৃষি নির্ভর কোনো শিল্পকারখানা গোড়ে তোলার বিষয়ে কোনো ভাবনা আছে কি না, এমন প্রশ্নে সাংসদ সাহিদুজ্জামান খোকন বলেন, ‘আমরা আমাদের এলাকার যারা বিত্তবান রয়েছেন, উদ্যোক্তা রয়েছেন, তাঁদেরকে ইতিমধ্যেই অনুরোধ করেছি কল-কারখানা গড়ে তোলার জন্য। আমাদের অঞ্চলে মৌসুমী ফল প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। যদি কৃষিভিত্তিক কোনো কারখানা গড়ে তোলা যায়, তবে কৃষকেরা তাঁদের পণ্য সহজে সরবরাহ করে লাভবান হতে পারতেন। আমি এমন পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছি। তবে বর্তমানে উদ্যোক্তার অনেক অভাব। সরকার যদি এ অঞ্চলে কৃষি কল-কারখানা গড়ে তুলতে সাহায্য করে, তবে উদ্যোক্তাসহ কৃষকেরা লাভবান হবেন। এ বিষয়ে আমি বারবার সংসদে দাবি জানিয়েছি।’
বর্তমান সময়ের আলোচিত বিষয় গাংনীর কাবিখার চাল সংক্রান্ত বিষয়ে জানতে এমপি খোকন বলেন, উন্নয়ন কাজে কাবিখার চাল বিক্রয় হয়ে থাকে, এ বিষয়ে সবাই জানেন এবং তদন্ত রিপোর্টে বিষয়টি পুরো পরিস্কার হয়ে গেছে। কারণ চাল সঠিক প্রক্রিয়ায় বিক্রয় হয়েছে এবং চলমান প্রকল্পগুলো বাস্তবায়ন হয়েছে। সংলাপে আলোচনার একপর্যায়ে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেকের সংবাদ সম্মেলনের বিষয়ে এমপি খোকন বলেন, ‘গাংনী উপজেলা চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একজন দায়িত্বশীল মানুষ, উনি গুরুত্বপূর্ণ দায়িত্বপালন করেন আমাদের জেলার। উনি কোন বিবেচনায় এ কাজটি করেছেন, সে দায়িত্ব কিন্তু ওনার। আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না।’ এ সময় অনুষ্ঠানের সঞ্চালকের উদ্দেশ্যে এমপি খোকন বলেন, ‘শুধুমাত্র আপনাকে জানিয়ে রাখি, ওনার এই সংবাদ সম্মেলনের পুরো ভিডিও ক্লিপ আমি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী যা সিদ্ধান্ত নেবার, যা বলবার বলবেন। কারণ আমি তো মাননীয় প্রধানমন্ত্রীর একজন প্রতিনিধি মাত্র।’
সবশেষে সাংসদ সাহিদুজ্জামান খোকন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনা সংকট খুব ভালোভাবে মোকাবিলা করাসহ নতুন বাংলাদেশ গড়ার তোলার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি।’ এ সময় তিনি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষিয়ান রাজনীতিবীদ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এবং মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন দোদুলের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে তাঁদেরকে সমীকরণের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করেন।
বর্তমান সময়ের আলোচিত বিষয় গাংনীর কাবিখার চাল সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে সংলাপের অপর অতিথি সাংবাদিক নুহু বাঙ্গালী বলেন, ‘গাংনীর কাবিখার চাল নিয়ে আমি নিজেও আলোচনা হতে দেখেছি। তবে উন্নয়ন কাজে কাবিখার চাল বিক্রয় হয়ে থাকে, এ বিষয়ে সবাই জানেন। সচেতন মানুষকে এ বিষয়টি নিয়ে কাঁদা-ছোড়াছুড়ি না করার জন্যও বলতে শুনেছি।’
কমেন্ট বক্স