কালীগঞ্জে দুই দিনে তিনটি বাল্যবিবাহ বন্ধ
- আপলোড তারিখঃ
১২-০৬-২০২০
ইং
প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহের কালীগঞ্জে দুই দিনের ব্যবধানে তিনটি বাল্যবিবাহ বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাল্যবিবাহ দেওয়ার অপরাধে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রে ভূপালী সরকার এ আদালত পরিচালনা করেন।
সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার জানান, বাল্যবিবাহ দেওয়া হচ্ছে, এমন গোপন সংবাদ পেয়ে বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত উপজেলার পৃথক তিনটি গ্রামে অভিযান চালিয়ে বাল্যবিবাহ বন্ধ করা হয়। তিনি জানান, বুধবার দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের রাকড়া গ্রামের ইকবাল হোসেন তাঁর মেয়েকে (১৫) বাল্যবিবাহ দিচ্ছেন খবরে অভিযান চালান তিনি। এ সময় বর যশোরের বাঘারপাড়া উপজেলার জহরপুর গ্রামের রাজু আহম্মেদ দৌঁড়ে পালিয়ে রক্ষা পেলেও মেয়ের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বিকেলে উপজেলার মালিয়াট ইউনিয়নের বেথুলি গ্রামের সাইফুল ইসলামের মেয়ের (১৫) সঙ্গে মহেশপুর উপজেলার সড়াতলার আলাউদ্দীনের ছেলে নাজমুল ইসলামের বাল্যবিবাহ দেওয়ার আয়োজন চলাকালে অভিযান চালান। এ সময় উভয়পক্ষকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এরপর বৃহস্পতিবার বিকেলে বাল্যবিবাহের অপরাধে বর রায়গ্রাম ইউনিয়নের দয়াপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে আজগর আলীকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। গত ২ দিনে ৩টি বাল্যবিবাহ বন্ধ করে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেন বলে জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
কমেন্ট বক্স