মিলারদের কারসাজি, মোটা নিম্নমানের চাল সংগ্রহ স্থগিত!
- আপলোড তারিখঃ
২০-০৫-২০২০
ইং
কালীগঞ্জে বোরো মৌসুমে কৃষকদের উৎপাদিত ধান ক্রয়ের উদ্বোধন
প্রতিবেদক, কালীগঞ্জ:
কালীগঞ্জে চলতি বোরো মৌসুমে কৃষকদের উৎপাদিত ধান ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় খাদ্যগুদামে এক কৃষকের ধান কিনে আনুষ্ঠানিকভাবে ক্রয় মৌসুমের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার। অন্যদিকে মোটা ও নিম্নমানের চাল গুদামে আনাতে সংগ্রহে বিপত্তি দেখা দিয়েছে। অতি মুনাফালোভী মিলাররা বাইরের জেলা থেকে নিম্নমানের মোটা চাল গুদামে আনাতে আপাতত চাল সংগ্রহ স্থগিত রাখা হয়েছে। এবার ২০২০ অর্থবছরে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার কৃষকদের নিকট থেকে ২ হাজার ৫৪৪ মেট্রিক টন ধান ক্রয় করা হবে।
উপজেলা ধান-চাল সংগ্রহ কমিটির সভাপতি ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুর্বনা রানী সাহা জানান, লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকগণ খাদ্যগুদামে এক মেট্রিক টন ধান বিক্রয় করতে পারবেন। সরকারিভাবে এবার প্রতি মেট্রিক টন ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪০ টাকা। তিনি আরও জানান, একই সঙ্গে কালীগঞ্জ উপজেলা চাতাল-অটোরাইচ মিলারদের নিকট থেকে চাল ক্রয় উদ্বোধনের কথা ছিল। কিন্তু প্রথম দিনেই জহুরুল এগ্রো অটো রাইচ মিল এ জেলার ধানের চাল না দিয়ে বাইরে থেকে নিম্নমানের মোটা চাল গুদামে আনে। তাই চাল গ্রহণ স্থগিত রাখা হয়েছে। মিলাররা ভালো মানের চাল দিলেই গ্রহণ করা হবে।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, উপজেলা ধান সংগ্রহ কমিটির সচিব ও খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তাজউদ্দিন আহম্মেদ, প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, গুদাম কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, কালীগঞ্জ চাতাল মিল মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন, জহুরুল এগ্রো মিলসের ফিরোজ আহম্মেদ প্রমুখ।
কমেন্ট বক্স