কালীগঞ্জে এমপি কন্যার ‘ফ্রি সবজি বাজার’
- আপলোড তারিখঃ
১৬-০৫-২০২০
ইং
প্রতিবেদক, কালীগঞ্জ:
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে থেমে গেছে স্বাভাবিক জনজীবন। দেশের বিভিন্ন স্থানে চলছে অঘোষিত লকডাউন। নিজ নিজ গৃহে থাকতে বলা হচ্ছে সবাইকে। ফলে ভোগান্তিতে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষগুলো। এসব অসহায় দরিদ্র মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সাংসদ কন্যা ডরিন। ঝিনাইদহের কালীগঞ্জ মেইন বাসটার্মিনাল চত্বরে কর্মহীন খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষের মধ্যে ভ্যানে করে বিনা মূল্যে তাজা কাঁচা সবজি বিতরণ করেছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের কনিষ্ঠ কন্যা ও কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রীবিষয়ক সম্পাদক মুমতারিন ফেরদৌস ডরিন। ‘ফ্রি সবজি বাজার’ নামে চালু করা এ কার্যক্রমে তিনটি ভ্যান গাড়িতে রাখা হয়েছে মিষ্টি কুমড়া, ঢেড়শ, লাউ, পুঁইশাক, বরবটি ও ঝাল। গতকাল শুক্রবার বিকেলে অসচ্ছল ও যাদের কেনার সামর্থ্য নেই, এমন প্রত্যেক পরিবারকে প্রয়োজন অনুযায়ী নিজেই সবজি বিতরণ করেন সাংসদ কন্যা ডরিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক জাবেদ হোসেন জুয়েল, চুয়েট ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অতনু মুখার্জী প্রমুখ। এ বিষয়ে সাংসদ কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, দেশের এই সংকটকালীন মুহূর্তে ছাত্রলীগের দায়িত্ব ও মানুষের প্রতি কর্তব্যবোধ থেকে তিনি এগিয়ে এসেছেন। ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।
কমেন্ট বক্স