গাংনীতে ভুয়া পদবি ব্যবহার, আ.লীগের প্রতিবাদ
- আপলোড তারিখঃ
১৩-০৫-২০২০
ইং
গাংনী অফিস:
গাংনী পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পদবি ব্যবহার করে ইউএনও অফিসে একটি আবেদন করেছেন জনৈক আকরামুল হক। ভুয়া পদবি ব্যবহার করে তিনি ফায়দা লুটতে চেয়েছেন মর্মে অভিযোগ উত্থাপন করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে গাংনী পৌর আওয়ামী লীগ। গাংনী পৌর আওয়ামী লীগ সভাপতি ছানোয়ার হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি গতকাল মঙ্গলবার দুপুরে গাংনী প্রেসক্লাবে প্রদান করা হয়।
জানা যায়, সম্প্রতি গাংনী উপজেলায় খাদ্যগুদামে গম ক্রয়-সংক্রান্ত বিষয়ে গাংনী পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদবি ব্যবহার করে জনৈক আকরামুল হক ওরফে এনামুল গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেন। বিষয়টি পৌর আওয়ামী লীগের নজরে আসে। এখানে নাম ও পদবি জালিয়াতি করা হয়েছে বলে দাবি করেছে পৌর আওয়ামী লীগ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাংনী পৌর আওয়ামী লীগসহ দলীয় কোনো কমিটিতে আকরামুল হক ওরফে এনামুলের নামের অস্তিত্ব নেই। উক্ত পদে দায়িত্ব পালন করছেন জাকির হোসেন বাচ্চু ও মতিয়ার রহমান মাস্টার। উপজেলায় গম ক্রয়-সংক্রান্ত অভিযোগটি মিথ্যা পরিচয়ে দাখিল করে দলীয় ভাবমুর্তি ক্ষুণ্ন করা হয়েছে। এ মিথ্যা পরিচয়দানকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও উল্লেখ করা হয়েছে। তা ছাড়া আকরামুল ওরফে এনামুল দীর্ঘদিন ধরে গাংনী পৌর আওয়ামী লীগের নাম ও পদবি জালিয়াতি করে বিভিন্ন অফিসে দালালি, হুমকি-ধামকি দিয়ে অর্থবাণিজ্য ও ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজির অভিযোগ উত্থাপন করে পৌর আওয়ামী লীগ।
আকরামুল হক ওরফে এনামুল হক জানায়, ‘আমি ভুল করে আবেদনপত্রে পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লিখিছি। প্রকৃতপক্ষে গাংনী আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পদে রয়েছি।’ এদিকে, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউনুছ আলী জানান, ‘আকরামুল হক নামের কেউ আমাদের ওয়ার্ড আওয়ামী লীগের কমিটিতে নেই।’
এ ব্যাপারে গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বলেন, ‘আওয়ামী লীগের পদ-পদবি হাট-বাজারে ক্রয় করা যায় না। সে আমাদের আওয়ামী লীগের দলীয় কোনো পদ-পদবিতে নেই। দলীয় পরিচয়ে কেউ অপকর্ম করলে, তার বিরুদ্ধে আহনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মেরেহপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক বলেন, আকরামুল হক দলীয় ভুয়া পরিচয়ে নিজেকে জাহির করছেন। সে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কোনো পদে নেই।
কমেন্ট বক্স