শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উথলীতে অসহায় ভ্যানচালককে মারধরের অভিযোগ

  • আপলোড তারিখঃ ১২-০৫-২০২০ ইং
উথলীতে অসহায় ভ্যানচালককে মারধরের অভিযোগ
প্রতিবেদক, উথলী: জীবননগর উপজেলার উথলীতে অসহায় এক ভ্যানচালককে লাঠি দিয়ে আঘাত করে আহত করার অভিযোগ উঠেছে সজীব (১৮) নামের এক যুবকের বিরুদ্ধে। সজীব উথলী গ্রামের বিশ্বাসপাড়ার মণ্টু বিশ্বাসের ছেলে। গতকাল সোমবার বেলা তিনটার দিকে উথলী ঈদগাহের নিকট এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ওই ভ্যানচালক জীবননগর থানায় একটি অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উথলী ঈদগাহ-সংলগ্ন রাস্তার পাশের বিলের মাঠের মধ্য থেকে ধানের বোঝা মাথায় নিয়ে আচমকা এক ব্যক্তি ভ্যানের সামনে চলে এলে ভ্যানচালক তাঁকে পাশ কাটিয়ে চলে যান। একটু সামনে যেয়ে ভ্যানচালক দাঁড়ালে মণ্টু বিশ্বাসের ছেলে সজীব বিশ্বাস ক্ষিপ্ত হয়ে ভ্যানচালক রফিকুল ইসলামকে (৪৭) লাঠি দিয়ে আঘাত করে আহত করেন। এতে ভ্যানচালকের একটি হাত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাঁর শরীরের কয়েক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ভ্যানচালক রফিকুল ইসলাম (৪৭) অভিযোগ করে বলেন, ‘আমাকে লাঠি দিয়ে আঘাত করে সজীব নামের একটি ছেলে বাম হাতটি মারাত্মকভাবে জখম করে দিয়েছে। আমি রাস্তায় পড়ে থাকলে সজীবের আব্বা মণ্টু বিশ্বাসও আমাকে কয়েকটি লাথি মারে। আশেপাশের কয়েকটি ছেলে এসে আমাকে উদ্ধার করে।’ এ ব্যাপারে মণ্টু বিশ্বাস বলেন, ‘আমি কাউকে আঘাত করিনি, আমি এগিয়ে এসে ছেলের হাত থেকে লাঠি কেড়ে নিই এবং তাঁকে বকাবকিও করি।’ আহত ভ্যানচালক দর্শনা থানার রাঙ্গিয়ারপোতা গ্রামের ফকির চাঁদ মণ্ডলের ছেলে। তিনি জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। তিনি জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে প্রতিবেদককে জানিয়েছেন। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, হাতে ব্যান্ডেজ নিয়ে এক ব্যক্তি থানায় এসেছিলেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।


কমেন্ট বক্স