মেহেরপুর অফিস: করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় ও খেটে খাওয়া কর্মহীন হয়ে পড়া পৌরবাসীর দুর্দিনে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছিয়ে দেওয়া অব্যাহত রেখেছেন মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন। এর আগে পৌরসভার মেয়র অন্য ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছিয়ে দিয়েছেন। এরই ধারাবহিকতায় মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে পৌর মেয়র তাঁর নিজ উদ্যোগে মেহেরপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র পরিবারে সদস্যদের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্যসামগ্রী বিতরণকালে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, সারা দেশের ন্যায় মেহেরপুরের এই সংকটময় পরিস্থিতিতে পৌর এলাকার কোনো মানুষ না খেয়ে অনাহারে থাকবে না। তিনি আরও বলেন, এক মাসেরও বেশি সময় ধরে মেহেরপুরের মানুষ কর্মহীন হয়ে আছে। কবে নাগাদ এই সমস্যা থেকে আমরা পরিত্রাণ পাবো বলা যাচ্ছে না। লম্বা সময় ধরে লকডাউন চলমান থাকায় সবার মধ্যেই খাদ্য চাহিদা দেখা দিয়েছে। এজন্য ধনী-গরিব, দল-মত নির্বিশেষে সবার মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, করোনাভাইরাস মোকাবিলায় আপনারা নিজ নিজ ঘরে অবস্থান করুন। খাবার আপনাদের ঘরে পৌঁছে যাবে। এ সময় বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছিয়ে দিতে সহযোগিতা করেন পৌরসভার মেয়র শাহিনুর রহমান রিটনসহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ।
সমীকরণ প্রতিবেদন