করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে সচেতন হোন
- আপলোড তারিখঃ
২৪-০৩-২০২০
ইং
চুয়াডাঙ্গা নিচের বাজারে ডাস্টবিনের উদ্বোধনকালে মেয়র জিপু চৌধুরী
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার নিচের বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য চুয়াডাঙ্গা পৌরসভার পক্ষ থেকে ৪টি টিউবওয়েল স্থাপন, পুরোনো ২টি বাথরুমের সংস্কার ও ২০টি ডাস্টবিন প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু আনুষ্ঠানিকভাবে এসব টিউওবয়েল, সংস্কারকৃত বাথরুম ও ডাস্টবিনের উদ্বোধন করেন।
এ সময় মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, ‘আপনারা যাঁরা ব্যবসায়ী আছেন, আপনারা দাবি জানিয়েছিলেন ডাস্টবিন, বাথরুম আর টিউবওয়েল স্থাপনের। আমি অতিদ্রুত এ দাবি পূরণ করেছি। মাংসের দোকানের উচ্ছৃষ্ট, রক্তসহ বাজারের আবর্জনার কারণে যাতে দূর্গন্ধ ছড়াতে না পারে, সে জন্য আমি পেছনের দিকে একটি গর্ত করে দিয়েছি। সেখানে ময়লা-আর্বজনা ফেলবেন। ভরে গেলে সেটি মাটি দিয়ে ভরাট করে দিবেন। আমি আরেকটি গর্ত করে দিবো। আপনারা জানেন, সারা দেশে পরিষ্কার-পরিচ্ছন্নতার একটি অভিযান চলছে। আমি চাই, চুয়াডাঙ্গা পৌরসভার নাম এ অভিযানে আগে থাক। আপনাদের কাছে এবার আমার দাবি, একটি সুন্দর পরিচ্ছন্ন গোছালো বাজার আমাকে উপহার দিন। আপনারা চেষ্টা করলে এ কাজটি খুব একটা কঠিন হবে না। আপনারা সবাই মিলে পরিচ্ছন্নতা অভিযানে যোগ দিয়ে আপনাদের-আমাদের এ বাজারটাকে পরিচ্ছন্ন করুন।’
মেয়র জিপু আরও বলেন, ‘এ সময় সমগ্র বিশ্বে করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে। বাংলাদেশেও এটি ধরা পড়েছে। এখন আমাদের প্রয়োজন আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার। আপনারা আতঙ্কিত হবেন না। যে কারণে এ ভাইরাসটি ছড়িয়ে পড়ে, সে কাজগুলো থেকে বিরত থাকুন। এখন সময় সবার সম্মিলিত প্রচেষ্টা আর একে অপরের সহযোগিতা। করোনাভাইরাসকে প্রতিরোধ করতে হবে। এ ভাইরাসটিকে বাংলাদেশে ছড়াতে দেওয়া যাবে না। মনে রাখতে হবে, বিদেশ থেকে কেউ এলে তাঁর তথ্য দিন প্রশাসনের কাছে। তাঁকে ১৪ দিন হোমকোয়ারেন্টাইনে থাকতে বলুন।’
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সভাপতি আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, সহসভাপতি ভাষা, যুগ্ম সম্পাদক জগলু, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর মালিক খোকন, জেলা দোকান মালিক সমিতির প্রচার সম্পাদক মাফিজুর রহমান মাফি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি প্রমুখ।
কমেন্ট বক্স