ভারতীয় ট্রেনে মিলল ফেনসিডিল-স্মার্টফোন
- আপলোড তারিখঃ
২২-০৩-২০২০
ইং
দর্শনা সীমান্তে পণ্যবাহী ট্রেনের চালক ও গার্ডের করোনাভাইরাস চেকের সময়
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ভারত থেকে আসা পণ্যবাহী ট্রেনের চালক ও গার্ডের করোনাভাইরাস আছে কি না, তা চেক করার সময় ডগ স্কোয়াডের তল্লাশিতে ভারতীয় ফেনসিডিল ও স্মার্টফোন উদ্ধার করেছে বিজিবি। গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে দর্শনার জয়নগর আন্তর্জাতিক চেকপোস্টে বিজিবি এসব মালামাল উদ্ধার করে। বিজিবি জানায়, শনিবার বেলা আড়াইটার দিকে দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে পণ্যবাহী একটি ট্রেন বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বিজিবি চেকপোস্টের প্রশিক্ষিত কুকুর এ্যামিলি ও টমি চিৎকার শুরু করে। পরে প্রশিক্ষিত কুকুর নিয়ে ট্রেনের বগিতে তল্লাশি চালালে ট্রেনের নিচে বিশেষ কায়দায় রাখা ফেনসিডিলের কার্টুন দেখিয়ে দেয় এরা। এরপর বিজিবি সদস্যরা প্রায় ১ ঘণ্টা ধরে ট্রেনটির বিভিন্ন অংশে তল্লাশি চালায়। এ সময় ৩৪টি দামি স্মার্টফোন ও ৫৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে তাঁরা। এ ঘটনার দুদিন আগেও প্রশিক্ষিত কুকুরের মাধ্যমে মালবাহী ট্রেনে তল্লাশি করে বিদেশি সিগারেট ও মোবাইল ফোন উদ্ধার করে বিজিবি।
কমেন্ট বক্স