অবরুদ্ধ ১৫টি পরিবার, পুলিশের ঘটনাস্থল পরিদর্শন
- আপলোড তারিখঃ
২১-০৩-২০২০
ইং
আলমডাঙ্গার জোড়গাছায় রাস্তা আটকে বাড়ি নির্মাণের অভিযোগ
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গার জোড়গাছায় বাড়ির যাতায়াতের রাস্তা ঘিরে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। এর ফলে ওই এলাকায় বসবাসরত সাধারণ লোকজন বিপাকে পড়েছে। এ ঘটনায় গোলজার হোসেন নামের এক ব্যক্তি আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে গতকাল শুক্রবার আলমডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের জোড়গাছা গ্রামের শুকুর আলীর ছেলে জিন্নাত আলী ও তাঁর চাচাত ভাই মুজাহার মণ্ডলের ছেলে গোলজার হোসেনের মধ্যে দীর্ঘদিন যাবত পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। এ জমির বিরোধ নিয়ে আদালতে উভয়ের মধ্যে মামলাও চলমান রয়েছে। গত বুধবার সকালে শুকুর আলীর ছেলে জিন্নাত কয়েকটি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ করে বাড়ি নির্মাণ করেন। এর ফলে ওই রাস্তায় চলাচলকৃত প্রায় ১৫টি বাড়ির লোকজন অবরুদ্ধ হয়ে পড়েন। ক্ষমতার জোর থাকায় ভয়ে কেউ জিন্নাতের বিরুদ্ধে কথা বলতে ভয় পাই।
এ ছাড়াও গোলজার হোসেন জানান, পৈতৃক সূত্রে পাওয়া ৩২ শতক জমির তিনি সমান মালিকানা। তাঁর জমির পাশ দিয়েই রয়েছে পারিবারিক রাস্তা। ওই রাস্তা দিয়ে দীর্ঘ কয়েক যুগ ধরে তিনি যাতায়াত করে আসছেন। কিন্তু রাস্তাটি ঘিরে দেওয়ায় বর্তমানে তিনি নিজে এবং আশেপাশে বসবাসরত কয়েকটি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। এ ছাড়া একই গ্রামের আজিজুল, আনিসুর, দুলাল, বাবু, খায়রুল, মিরাজুল, ফুলমিয়াসহ কয়েকটি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে অভিযুক্ত জিন্নাতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। জিন্নাতের মা বলেন, ‘আমরা জায়গা সল্পতার কারণে ঘর নির্মাণ করেছি। আমাদের জমিতে আমরা নিজেরাই ঘর করেছি।’
এ ব্যাপারে আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, ‘জোড়গাছা গ্রামে রাস্তা আটকে ঘর নির্মাণের অভিযোগ পাওয়ার পরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার্থে নিজ নিজ অবস্থানে থাকতে বলা হয়েছে। আগামীকাল রোববার তাঁদের উভয় পক্ষে কাগজ-পত্র দেখে বিষয়টি সঠিকভাবে বলা যাবে।
কমেন্ট বক্স