রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নিজ নিজ জায়গা থেকে আমাদের কাজ করতে হবে

  • আপলোড তারিখঃ ১৬-০৩-২০২০ ইং
নিজ নিজ জায়গা থেকে আমাদের কাজ করতে হবে
শঙ্করচন্দ্র ইউনিয়নে পরিচ্ছন্নতার পুরস্কার বিতরণকালে ডিসি নজরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে ‘পরিচ্ছন্ন গ্রাম ও পরিচ্ছন্ন শহর’ কার্যক্রম বাস্তবায়নে শঙ্করচন্দ্র ইউনিয়ন পর্যায়ে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদের আয়োজনে ছয়টি ক্যাটাগরিতে মোট আটটি পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘প্রত্যেকের দায়িত্বশীল হয়ে পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। সবাই মিলে চেষ্টা করলে, এটি কোনো কঠিন কাজ হবে না। নিজ নিজ জায়গা থেকে আমাদের কাজ করতে হবে। প্রথমে নিজের বাড়ি আঙিনা থেকে শুরু করতে হবে। আমাদের মনে রাখতে হবে, মুজিববর্ষে চুয়াডাঙ্গা জেলাকে আমরা পরিচ্ছন্ন জেলা হিসেবে ঘোষণা করব। পরিবেশ ভালো থাকবে, আমরা পরিচ্ছন্ন হলে।’ এ সময় তিনি করোনাভাইরাসে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘করোনাভাইরাসে আমাদের সচেতন হতে হবে। এটাতেও পরিচ্ছন্নতার প্রয়োজন। ঘন ঘন হাত ধুতে হবে। যে কারণে এটি ছড়াতে পারে, সে ধরনের কাজ এড়িয়ে যেতে হবে। গ্রামে যদি বাইরের দেশ থেকে কোনো প্রবাসী আসে, তাহলে আমাদের জানাবেন। খেয়াল রাখতে হবে, এটি লুকানো যাবে না। সে কেয়ারেন্টানে ছিল কিনা, বা তার স্বাস্থ্য পরীক্ষা হয়েছে কিনা, সেটি জানতে হবে। আমরা চাই, কোনোভাবেই যেন বাংলাদেশে করোনাভাইরাস ছড়াতে না পারে।’ এসময় তিনি আরও বলেন, ‘মুজিববর্ষকে আমাদের যথাযথ মর্যাদার সঙ্গে পালন করতে হবে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ বাংলাদেশের জন্য একটি মাইলফলক।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হান্নান, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন, শঙ্করচন্দ্র ইউপি প্যানেল চেয়ারম্যান শওকত মাহমুদ ও সচিব ফয়জুর রহমান। পরিষ্কার-পরিচ্ছন্নতায় শ্রেষ্ঠ ওয়ার্ড ৪ নম্বর শঙ্করচন্দ্র গ্রাম, শ্রেষ্ঠ মাধ্যমিক বিদ্যালয়-ডিঙ্গেদহ মাধ্যমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়- মাখালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক উদীচী ডিঙ্গেদহ শাখা, শ্রেষ্ঠ হাটবাজার ডিঙ্গেদহ বাজার, শ্রেষ্ঠ পরিবার- সাইফুল ইসলাম, শংকরচন্দ্র দোয়ারপাড়া, আশরাফুল আলম ঠান্ডু, মাখালডাঙ্গা এবং মো. মহাবুল হোসেন লাল্টু, জাফরপুর। পরে প্রধান অতিথি জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদে অভিযোগ বক্স এবং ‘আমার গ্রাম আমার শহর’ শঙ্করচন্দ্র দোয়ারপাড়া গ্রামে লাইব্রেরি নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় অতিথিরা শঙ্করচন্দ্র দোয়ারপাড়া গ্রাম পরিদর্শন করেন।


কমেন্ট বক্স