গাংনীতে পরিষ্কার-পরিচ্ছনতা অভিযান শুরু
- আপলোড তারিখঃ
১৫-০৩-২০২০
ইং
গাংনী অফিস:
জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর’ বাস্তবায়নের লক্ষে মেহেরপুরের গাংনী উপজেলাব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল নয়টার দিকে একযোগে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযানের উদ্বোধন করা হয়েছে। গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল নয়টার দিকে উপজেলা পরিষদ চত্বরে পরিষ্কার-পরিচ্ছনতা অভিযানের শুরু হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমানের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। এ সময় সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক মোহা. আবু জাফর, সমবায় কর্মকর্তা মাহাবুবুর রহমান, শিক্ষা কর্মকর্তা আতাউল হকসহ বিভিন্ন এনজিও ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একই সময়ে গাংনী উপজেলার বামন্দী এলাকায় এ অভিযানের উদ্বোধন করেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।
এ সময় উপস্থিত ছিলেন বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক বিশ্বাস ও আওয়ামী লীগের নেতা হাবিবুর রহমান হবি। একই সময়ে উপজেলা হাড়াভাঙ্গা ডিএইচএম মাদ্রাসা প্রাঙ্গণে এ অভিযানের উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান। এভাবে উপজেলার বিভিন্ন স্পটে এ কর্মসূচি পালন করা হচ্ছে। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এলাকাগুলোতেও এ কার্যক্রম চলেছে।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান জানান, গাংনী উপজেলার প্রতিটি স্কুল-কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছায় অংশ নিচ্ছে। সরকারের এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করায় সবাইকে ধন্যবাদ জানান তিনি।
কমেন্ট বক্স