মহেশপুরে সরকারি রাস্তার ইট চেয়ারম্যানের বাড়িতে!
- আপলোড তারিখঃ
১৩-০৩-২০২০
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শংকরহুদা গ্রামে সরকারি রাস্তার ইট উঠিয়ে বাড়ি নিয়ে গেছেন স্থানীয় মান্দারবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা শফিদুল ইসলাম। এ নিয়ে এলাকায় ও মহেশপুর উপজেলা প্রশাসনে ক্ষোভ বিরাজ করছে।
সরেজমিন দেখা গেছে, শংকরহুদা গ্রামের রনজু বিশ্বাসের বাড়ি হতে জামাল হোসেনের বাড়ি পর্যন্ত রাস্তাটি ৫২ লাখ ১১ হাজার ৪১৫ টাকা ব্যয়ে ১ হাজার মিটার এইচবিবি (হেরিং)-করণ করছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস। প্রকল্প বাস্তবায়ন অফিস সোলিং রাস্তায় এইচবিবি করছে এমন খবর পেয়ে রাস্তার পুরোনো ইট তুলে নেন চেয়ারম্যান শফিদুল ইসলাম। তিনি শ্রমিক নিয়োগ করে সব ইট উঠিয়ে তাঁর বাড়িতে নিয়ে গেছেন। স্থানীয়রা বলছেন, ইটগুলো কোন উদ্দেশ্যে তাঁর বাড়িতে নিয়ে রাখা হয়েছে, তা তাঁরা বুঝতে পারছেন না। তবে সরকারি ইট এভাবে বাড়িতে রাখা যায় না বলে অনেকেই জানান।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুন নেছা জানান, তাঁরা প্রকল্প নিয়ে দরপত্রের মাধ্যমে ঠিকাদার নির্বাচন করে কাজ করতে গিয়েছেন। রাস্তায় যে পুরেনো ইট ছিল, সেগুলো চেয়ারম্যান সরিয়ে দিয়েছেন। কিন্তু ইটগুলো কোথায় রেখেছেন, সেটা তাঁর জানা নেই। আর চেয়ারম্যান শফিদুল ইসলাম জানান, ইট তিনি বাড়িতে নিয়ে রেখেছেন। এই ইট অন্য একটি রাস্তায় ব্যবহার করা হবে। ইটগুলো নষ্ট না করে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন ইউপি চেয়ারম্যান। কত ইট উঠানো হয়েছে জানতে চাইলে চেয়ারম্যান শফিদুল বলেন, এই হিসাব তিনি করেননি। রাস্তায় যে ইট পেয়েছেন, সেগুলো সব উঠিয়ে নিয়ে রেখেছেন।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকার জানান, রাস্তার কিছু ইট উঠিয়ে ইউনিয়ন পরিষদের রাখা হয়েছে এমনটি তিনি জানতেন, কিন্তু বাড়িতে রেখেছেন এটা তাঁর জানা নেই। বিয়ষটি তিনি খোঁজ নিবেন বলে জানান। চেয়ারম্যান শফিদুল ইসলাম বলছেন, ইটগুলো হাতছাড়া না করে গ্রামের অন্য একটি রাস্তায় ব্যবহারের জন্য তিনি বাড়িতে রেখেছেন। কয়েকদিনের মধ্যে কাজ করে ফেলবেন বলে জানান।
কমেন্ট বক্স