প্রচুর বই পড়তে হবে, বই পড়ে নান্দনিকতায় বড় হতে হবে
- আপলোড তারিখঃ
০৬-০৩-২০২০
ইং
কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণকালে ডিসি নজরুল ইসলাম
নিজস্ব প্রদিবেদক:
চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাসুদুজ্জমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার শিক্ষার্থীদের সঙ্গে হাস্যরসিকতার সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘আজ আমি বক্তব্য দিব না। আমি একটি কবিতা আবৃত্তি করে শোনাবো তোমাদের।’ এরপর তিনি সুকুমার রায়ের ‘সৎপাত্র’ কবিতাটি আবৃত্তি করে শোনান। এ সময় শিক্ষার্থীরা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের কবিতা আবৃত্তি শোনার জন্য মঞ্চের একেবারে কাছে পর্যন্ত চলে আসে। পুরো অনুষ্ঠানস্থল পরিণত হয় এক মহাআসরে।
এরপর জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আমি জানি তোমরা সবাই মেধাবী। তোমাদের মধ্যে লুকিয়ে আছে নানারকম প্রতিভা। আমি তিনটি প্রশ্ন করব। যারা যারা পারবে, তারা হাত ওঠাবে, তাদের মধ্যে থেকে বাছাই করে তিনজন বিজয়ীকে পুরস্কৃত করব। পুরস্কার আমি সঙ্গে করে নিয়ে এসেছি।’ এ সময় তিনি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেন বিচারকের। পুরো সময়টা ছিল শিক্ষার্থীদের জন্য উত্তেজনাকর এক আনন্দের সময়। ধৈর্য্য ধরে প্রত্যেক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বাংলাদেশ ও বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ বিষয়ে তিনটি প্রশ্ন করেন জেলা প্রশাসক। এরপর তিনজন প্রতিযোগিকে বাছাই করে পুরস্কার প্রদান করেন তিনি। সংক্ষিপ্ত কথায় তিনি বলেন, প্রচুর বই পড়তে হবে। বই পড়ে নান্দনিকতায় বড় হতে হবে।
বিদ্যালয়ের শিক্ষিকা ইতি খাতুনের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান, পানি উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী জাহেদুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর সিব্বির আহমেদ, চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পপি খাতুন, শিবানী সরকার, আমজাদ হোসেন, সুরাইয়া মমতাজ, হাবিবুর রহমান প্রমুখ। পরে এক প্রীতিভোজে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা।
কমেন্ট বক্স