দামুড়হুদার হেমায়েতপুরে স্বামী-স্ত্রীকে মারধরের অভিযোগ
- আপলোড তারিখঃ
০৪-০৩-২০২০
ইং
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদার হেমায়েতপুর-বেড়বাড়িপাড়া গ্রামে ছাগলে শিমগাছ খাওয়ার ঘটনায় স্বামী-স্ত্রীকে মারধর ও ঘর-বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহতরা হলেন হেমায়েতপুর বেড়বাড়িপাড়া গ্রামের মৃত নজর উদ্দীনের ছেলে আ. সালাম (৬২) ও তাঁর স্ত্রী বাসুরা খাতুন (৫০)।
জানা গেছে, গত সোমবার বেলা সাড়ে তিনটার দিকে হেমায়েতপুর বেড়বাড়িপাড়া গ্রামের আ. সালামের ছাগলে একই গ্রামের করিমপুর পাড়ার ফজরের শিমগাছ খেয়ে ফেলে। এ ঘটনায় ফরজ ছাগলের মালিক আ. সালামের বাড়িতে গিয়ে গালিগালাজ করতে থাকলে একপর্যায় তা সংঘর্ষে রূপ নেয়। এসময় ফজর কাঠের বাটাম দিয়ে আ.সালামকে মারধর করতে থাকেন। আ. সালামের স্ত্রী স্বামীকে বাঁচাতে গেলে তিনিও মারধরের শিকার হন। পরে স্থানীয়দের সহযোগিতায় রক্তাক্ত জখম স্বামী-স্ত্রীকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার পর মঙ্গলবার সকালে আহত স্বামী-স্ত্রীর পক্ষ থেকে দামুড়হুদা মডেল থানায় ফজরসহ পাঁচজনকে আসামি করে একটি লিখিত অভিযোগ করেন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, এই ঘটনায় একটি অভিযোগ হয়েছে। বুধবার দুই পক্ষকে ডাকা হয়েছে। যদি মীমাংসা হয় ভালো, না হলে বাদী পক্ষ যদি মামলা করতে চাই, তাহলে মামলা হবে।
কমেন্ট বক্স