কৌশল ও পদ্ধতি নিরুপন শীর্ষক কর্মশালা
- আপলোড তারিখঃ
২০-০২-২০২০
ইং
চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের উন্নয়ন বাস্তবায়নের
সমীকরণ প্রতিবেদন:
‘চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের উন্নয়ন বাস্তবায়নের কৌশল ও পদ্ধতি নিরুপন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় রেডক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় ভাইস চেয়ারম্যান অ্যাড. সেলিম উদ্দিন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসি) ও সুইস রেডক্রসের সহযোগিতায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিট এ কর্মশালার আয়োজন করে।
চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি শহিদুল ইসলাম সাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে রেডক্রিসেন্টের ইউনিট অ্যাফেয়ার্স বিভাগের সহকারী পরিচালক কবির আহমেদ ফকির ও সুইস রেডক্রসের প্রতিনিধি কমলেন্দু দাস, চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মোল্লা আব্দুর রশিদ, অ্যাড. আকসিজুল ইসলাম রতন, অ্যাড. রফিকুল ইসলাম, খলিলুর রহমান, ইউনিট অফিসার গৌর চন্দ্র বিশ্বাস, যুবপ্রধান জাহাঙ্গীর আলম ও যুব উপপ্রধান বিপ্লব হোসেনসহ যুব রেডক্রিসেন্ট ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় সুইস রেডক্রসের প্রতিনিধি কমলেন্দু দাস বলেন, ‘বাংলাদেশ উন্নত হচ্ছে। সুইস রেডক্রস ও বাংলাদেশ রেডক্রিসেন্ট যৌথভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা একটি সমৃদ্ধ দেশের দিকে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ আফ্রিকাকে সাহায্য করবে। অর্থ সাহায্য কীভাবে আঞ্চলিকভাবে সমৃদ্ধ করা যায়। এই ইউনিটের সক্ষমতা আছে। চক্ষু হাসপাতাল গড়ে তুলেছে। স্থানীয় অর্থ ও সাহায্য সহযোগিতার অর্থ দিয়ে চালিয়ে নেওয়া যায়। ৬৪টি ইউনিটের কাছ থেকে প্রস্তাবনা পেয়েছি। চুয়াডাঙ্গাসহ পাঁচটি ইউনিটের প্রস্তাবনা পাশ করেছিল। তাদেরকে কাজে লাগিয়ে কীভাবে এগিয়ে নেওয়া যায়।’
কর্মশালার প্রধান অতিথি অ্যাড. সেলিম উদ্দিন খান বলেন, যুব সদস্যরা ইউনিটের প্রাণ। রেডক্রিসেন্ট ইউনিট পরিচালিত চক্ষু হাসপাতালের সেবা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। মনে করতে হবে এটি আমার নিজের প্রতিষ্ঠান। কর্মশালায় চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিট ও চক্ষু হাসপাতালের উন্নয়ন বিষয়ে দিনব্যাপী আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।
প্রসঙ্গত, সুইস রেডক্রসের আর্থিক সহযোগিতায় চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটে উন্নয়ন কার্যক্রম প্রক্রিয়া চলমান রয়েছে। ইতিমধ্যে সুইস রেডক্রস এই ইউনিটের উন্নয়নে ১৩ লাখ টাকা বরাদ্দপত্র পাঠিয়েছে।
কমেন্ট বক্স