রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার

  • আপলোড তারিখঃ ০৭-০২-২০২০ ইং
বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় আলমডাঙ্গা উপজেলা পরিষদের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীর সভাপতিত্বে সেমিনারের শুরুতেই বৈদেশিক কর্মসংস্থানের দক্ষতার ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তরের সহকারী পরিচালক মুশফিকুর রহমান। এ সময় তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দেশে সবচেয়ে বেশি বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এখন জেলা শহরে নামমাত্র ফিতে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হয়ে বিদেশ যাচ্ছেন অনেক নারী-পুরুষ। এতে করে দেশে বাড়ছে রেমিট্যান্স। প্রত্যন্ত অঞ্চলেও ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতির চাকা। এ সময় সেমিনারে বিদেশে দক্ষ শ্রমিক পাঠাতে সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তরের কর্মকর্তারা। তবে এ সেমিনারে উপস্থিত অতিথিরা তাঁদের বক্তব্যে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তরের কার্যক্রমে অসন্তুষ্টও প্রকাশ করেছেন। এ সময় জামজামি ইউপি চেয়রম্যান নজরুল ইসলাম বলেন, ‘আমাদের জেলাতে বিদেশ যেতে হলে দালালনির্ভরই থাকতে হয়। কারণ, এ জেলাতে জনশক্তির অফিস আছে, এটিই মানুষ জানে না। অথচ সরকার প্রতিবছর এ খাতে কোটি কোটি টাকা খরচ করছে।’ আলমডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমুন আহাম্মেদ ডন বলেন, ‘প্রতিদিনই স্থানীয় পত্র-পত্রিকায় দেখি, বিদেশে লোক পাঠানোর নামে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ। প্রতারিত মানুষ ঘুরছে দ্বারে দ্বারে। অথচ আমাদের জেলার কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কর্মকর্তাদের এসব বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপের খবর দেখি না। বিষয়টি দুঃখজনক।’ আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কর্মকর্তাদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমাদের জেলার শত শত মানুষ বিদেশে গিয়ে দালালদের হাতে পড়ে সর্বস্বান্ত হয়ে দেশে ফিরছেন। অনেকে বিদেশের কারাগারে মানবেতর জীবন যাপন করছেন। কিন্তু এসব বিষয়ে কোনো পদক্ষেপই নেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের।’ এ সময় আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন বলেন, তৃণমূলের পিছিয়ে পড়া জনগণকে দক্ষ জনবল হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকারের উদ্যোগ প্রশংসনীয়। তবে এর সুফল সাধারণ মানুষ তেমন পাচ্ছেন না।’ এ জন্য সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী। সমাপনী বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। আমাদেরও সেদিকে এগিয়ে যেতে হবে।’ তিনি বলেন, ‘প্রথমবারের মতো উপজেলা পর্যায়ে বৈদেশিক কর্মসংস্থানের দক্ষতা ও জনসচেনতা নিয়ে প্রোগাম শুরু হয়েছে। পর্যায়ক্রমে বিস্তৃতি লাভ করবে প্রান্তিক পর্যায়েও। স্থানীয় কর্মসংস্থান ও জনশক্তি অফিসের দায়িত্বশীল কর্মকর্তারা অবশ্যই এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নেবেন।’ এ ছাড়া সেমিনারে বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, সাবেক উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন ও বাড়াদী ইউপি চেয়ারম্যান মাসুদ রানা।


কমেন্ট বক্স