সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পশ্চিমবঙ্গের অভাগিনীখ্যাত নায়িকা চুমকি চৌধুরী বিবাহবার্ষিকীর কেক কাটলেন চুয়াডাঙ্গায়

  • আপলোড তারিখঃ ২৬-০১-২০২০ ইং
পশ্চিমবঙ্গের অভাগিনীখ্যাত নায়িকা চুমকি চৌধুরী বিবাহবার্ষিকীর কেক কাটলেন চুয়াডাঙ্গায়
নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গের অভাগিনীখ্যাত নায়কা চুমকি চৌধুরী বাংলাদেশে এসে চুয়াডাঙ্গায় তাঁর ১৩তম বিবাহবার্ষিকী উদ্যাপন করেছেন। গতকাল শনিবার দুপুরের পর চুয়াডাঙ্গা শহরের পুলিশ পার্ক লেনে অবস্থিত ড. এ আর মালিক ইংলিশ মিডিয়াম স্কুলে শিশু শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কেক কেটে তিনি বিবাহবার্ষিকী উদ্যাপন করেন। এ সময় অনুষ্ঠানে অভিনেত্রী চুমকী চৌধুরীর স্বামী অভিনেতা সজল ভট্টাচার্য্য উপস্থিত ছিলেন। ১৯৯০ সালে হিরক জয়ন্তী সিনেমার মধ্যে দিয়ে ভারতীয় বাংলা সিনেমায় পা রাখেন চুমকি চৌধুরী। তাঁর বাবা ভারতের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক অঞ্জন চৌধুরী। চুমকি চৌধুরী তাঁর অভিনিত বড় বউ, মেজ বউ, অভাগিনী, পূজা, লোফারসহ বহু দর্শকনন্দিত সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। ডা. এ আর মালিক জানান, অভিনেত্রী চুমকি চৌধুরীর প্রতি ভালোবাসা শুধু পশ্চিমবঙ্গের মানুষের আছে এমনটা না, বাংলাদেশে অনেক দর্শক আছে, যারা তাঁর অভিনয় পছন্দ করে। বাংলাদেশের মানুষ ও এ দেশের সংস্কৃতিকে জানতে চুমকি চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়। গত শুক্রবার চুয়াডাঙ্গার জয়নগর সীমান্ত দিয়ে অভিনেত্রী চুমকি চৌধুরী চুয়াডাঙ্গায় আসেন। ভারতের প্রখ্যাত অভিনেত্রী চুমকি চৌধুরী বলেন, এপার বাংলা ওপার বাংলা একই সূত্রে গাঁথা। বাংলাদেশে তাঁর বাবা-মায়ের বাড়ি হওয়ায় এ দেশের প্রতি ভালোবাসা চিরদিনের। বাংলাদেশের ছোট ছোট নাটক তাঁর খুব ভালো লাগে। তবে আগের দিনের সিনেমা আর এখনকার সিনেমার অবস্থা দুই বাংলাতে একই রকম। বাংলাদেশে আসার পর অনুভূতির বিষয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমন্ত্রণ পাওয়ার পর আমি এখানে এসে এ দেশ সম্পর্কে জানতে ও এ দেশের সংস্কৃতি দেখতে পেয়ে খুবই আনন্দিত।’ উল্লেখ্য, ভারতের প্রখ্যাত এই অভিনেত্রী চুয়াডাঙ্গায় বেশ কয়েকটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়াসহ সাধারণ মানুষের সঙ্গে খোলামেলা আলোচনায় অংশ নেবেন।


কমেন্ট বক্স