ডাকবাংলায় মোবাইলের দোকানে চুরি!
- আপলোড তারিখঃ
২৩-০১-২০২০
ইং
প্রতিবেদক, ডাকবাংলা:
ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে নিউ সেল বাজার টেলিকম নামের একটি মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটেছে। দোকানে ৪টি সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও গতকাল বুধবার রাতে এ চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল রাতে দোকানের টিনের ছাউনি কেটে চোরেরা দোকানঘরে ঢুকে প্রথমেই ক্যামেরাগুলো নষ্ট করে। এরপর দোকানে রাখা বিভিন্ন প্রকার মোবাইল, ৪ শ মেমোরি কার্ড ও নগদ টাকা মিলে প্রায় ২ লক্ষ টাকার মালামাল চুরি করে তারা। এ বিষয়ে দোকান মালিক সাংবাদিক সুমন আহম্মেদ বলেন, ‘প্রতিদিনের ন্যায় সকালে দোকানে ঢুকেই দেখি, দোকানের মালামাল ছড়ানো-ছিটানো। ক্যাশবাক্সে নগদ ১৫ হাজার টাকা ছিল, সেটাও নেই। উপরের দিকে তাকিয়ে দেখি, টিনের ছাউনি কাটা। তখন পাশের লোকজনকে ডাক দিয়ে দেখাই এবং বিষয়টি ডাকবাংলা ক্যাম্প ইনচার্জ মোখলেছুর রহমানসহ বাজার দোকান মালিক সমিতিকে জানাই। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছি।’
এ বিষয়ে ডাকবাংলা বাজার দোকান মালিক সমিতির সভাপতি আ. রহমান কামাল বলেন, ‘বিষয়টি শুনেছি এবং সুমনের মোবাইলের দোকানেও গিয়েছি। নিয়মিতই এ বাজারে চুরি হচ্ছে। চোর ধরার জন্য আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।’
ডাকবাংলা ক্যাম্প ইনচার্জ মোখলেছুর রহমান বলেন, ‘দোকানে চুরি হয়েছে, এ খবর শুনে সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে গিয়েছি। চোর চক্রকে ধরার চেষ্টা চলছে।’
কমেন্ট বক্স