চাকরির নামে ১০ লাখ টাকার প্রতারণা অভিযোগ!
- আপলোড তারিখঃ
০৯-০১-২০২০
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ সদর উপজেলার নাথকুণ্ডু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী পদে চাকরি দেওয়ার নাম আব্দুল হাকিম নামের এক যুবকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। আব্দুল হাকিম সদর উপজেলার মাগুরাপাড়া গ্রামের হায়াত শেখের ছেলে। অভিযোগ উঠেছে, বাদপুকুরিয়া গ্রামের ওমর আলীর ছেলে আবু সামা চাকরি দেওয়ার নাম করে এ অর্থ হাতিয়ে নেন। টাকা ফেরত না দেওয়ায় নিরূপায় হয়ে আব্দুল হাকিম ডকুমেন্টসহ আদালতে মামলা করেছেন, যার মামলা নম্বর এসসি ২২৩/১৯। বাদীর অভিযোগ বিশ্বস্ততার সুযোগ নিয়ে আবু সামা ২০১৮ সালের ১০ মে ৩ জন সাক্ষীর সামনে ১০ লাখ টাকা প্রদান করেন। এরপর চাকরি না দেওয়ায় আসামি আবু সামা ২০১৮ সালের ২০ জুন ইসলামী ব্যংক ডাকবাংলা শাখার অনুকুলে ১০ লাখ টাকার একটি চেক দেন (চেক নং ১৮২৮৯৮২)। একই দিন বাদী ব্যাংকে টাকা তুলতে গিয়ে ফিরে আসেন। বাদীর অভিযোগ, আসামি অসৎ উদ্দেশ্যে পরিকল্পিতভাবে প্রতারণার আশ্রয় নিয়ে এ চেক প্রদান করেন। ব্যাংক থেকে টাকা তুলতে না পেরে ২০১৮ সালের ২৬ জুন আসামিকে লিগ্যাল নোটিশ প্রেরণ করেন বাদী আব্দুল হাকিম। কিন্তু তিনি কোনো সাড়া না দিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। ২৭ জুলাই ঝিনাইদহ শহরের সুইট হোটেলের সামনে আসামির কাছ টাকা চাইলে তিনি অস্বীকার করেন। ফলে ২৯ জুলাই আব্দুল হাকিম টাকা উদ্ধারে ঝিনাইদহের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্মরণাপন্ন হন। মামলাটি বর্তমানে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন আছে। আব্দুল হাকিম অভিযোগ করেন, চাকরি প্রদানের নাম এ ধরণের প্রতারণার শিকার হয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। এক সঙ্গে ১০ লাখ টাকা প্রদান করায় তার পরিবারও আর্থিক সংকটে পড়েছে।
কমেন্ট বক্স