ফসলি জমির মাটি বিক্রির হিড়িক, ভোগান্তিতে পথচারীরা
- আপলোড তারিখঃ
২৮-১২-২০১৯
ইং
তিতুদহের জামালপুর ও গোবরগাড়ায় অবৈধভাবে চলছে
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়নের জামালপুর ও গোবরগাড়ায় অবাধে চলছে ফসলি জমি কেটে অবৈধভাবে মাটি বিক্রির হিড়িক। মাঠের ধানি জমি থেকে প্রতিদিন এক্সকাভেটর যন্ত্র (ভেকু মেশিন) দিয়ে টাকা হচ্ছে এসব মাটি এবং ১০-১২টি ট্রাক্টরে করে বহন করা হচ্ছে এসব মাটি। গাড়িতে বহন করা মাটি পাকা রাস্তার ওপর পড়ে বর্তমানে রাস্তা রূপ নিয়েছে মাটির রাস্তায়। গত বৃহস্পতিবার বৃষ্টিতে রাস্তার ওপর পড়ে থাকা মাটি পরিণত হয়েছে কাঁদায়, যার ফলে পথ অত্যন্ত পিচ্ছিলও বটে। গতকাল শুক্রবার ঐতিহ্যবাহী সরোজগঞ্জ খেজুর গুড়ের হাট থাকায় জামালপুরের ওপর দিয়ে অনেকে গুড় বিক্রি করতে যাওয়ার সময় পিচ্ছিল রাস্তায় পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আবার অনেকে সাইকেল ও মোটরসাইকেল থেকে পড়ে মারাত্মক আহতও হয়েছেন। গোবরগাড়ায় ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের স্থানীয়ভাবে প্রথমিক চিকিৎসা দেওয়ার হয়েছে। স্থানীয় কয়েকজন প্রভাবশালী সরকারি নীতিমালা অমান্য করে জমির মালিকদের ভুল বুঝিয়ে তাঁদের জমির মাটি কেটে অবাধে চালাচ্ছেন মাটির ব্যবসা। যার ফলে কয়েক শ ফসলি জমি হারাচ্ছে উৎপাদন ক্ষমতা, ক্ষতিগ্রস্ত হচ্ছে আশেপাশের জমির মালিকেরাও। এলাকাবাসীর এ বিষয়ের দ্রুত সমাধান চেয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
কমেন্ট বক্স