দর্শনা সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তী উদ্যাপন
- আপলোড তারিখঃ
২৮-১২-২০১৯
ইং
দর্শনা অফিস:
দর্শনায় ‘নান্দনিক দর্শনার’ আয়োজনে দর্শনা সরকারি কলেজের সুর্বণ জয়ন্তী উদ্যাপিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় দর্শনা শহীদ মিনারে ৫০ পাউন্ডের একটি কেক কেটে এবং স্মৃতিচারণের মধ্যে দিয়ে কলেজের ৫০ বছরপূর্তি অনুষ্ঠান উদ্যাপিত হয়। দর্শনা সরকারি কলেজের ৪০তম অধ্যক্ষ প্রফেসর শহিদুল ইসলামের সভাপতিত্বে সুর্বণ জয়ন্তী অনুষ্ঠানে সাবেক অধ্যক্ষ আনছার আলী ও সাবেক ছাত্রনেতাদের উপস্থিতে কীভাবে কলেজটি ১৯৬৯ সালে প্রতিষ্ঠা পায়, এ বিষয়ে স্মৃতিচারণ করা হয়। এতে অংশ নেন মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাড. কমরেড শহিদুল ইসলাম, সৈয়দ মজনুর রহমান, সাবেক ছাত্রনেতা জহির রায়হান, এস এ এম জাকারিয়া আলম, হাবিবুর রহমান বুলেট, হাইকোর্টের আইনজীবী শারমিন সুলতানা মৌসুমি, মোমিনুল ইসলাম, গোলাম কিবরিয়া আজম ও নাহিদ পাভেজ। এ ছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বদরুল আলম ফিট্টু, নাসের বিন্দু, স্বাধীন খন্দকার প্রমুখ। বক্তারা নান্দনিক দর্শনাকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘১৯৬৯ সালে প্রতিষ্ঠিত এ কলেজটি ১৯৮২ সালে সরকারি হওয়ার পর বর্তমানে এখন অনার্স কলেজ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। তবে এ দীর্ঘ ৫০ বছরে আজ আবধি কেউ আয়োজন করে স্মৃতিচারণ করেনি। তবে নান্দনিক দর্শনা সুবর্ণ জয়ন্তী উদ্যাপনের উদ্যোগ নেওয়ায় তাদের অভিনন্দন জানাই।’ আগামীতে আরও বড় পরিসরে সুবর্ণ জয়ন্তী পালনের উদ্যোগ নেওয়ার কথাও কেউ কেউ বলেন।
কমেন্ট বক্স