১০ মিনিটের প্রচেষ্টায় ড্রেন থেকে কুকুর উদ্ধার
- আপলোড তারিখঃ
১৩-১২-২০১৯
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ড্রেনে আটকে থাকা একটি কুকুরকে উদ্ধার করেছে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি টিম। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজ রোডের বিগ বাজার শপিং কমপ্লেক্সের সামনের একটি হাই-ড্রেন থেকে ফায়ার সার্ভিসের ৫ সদস্যের একটি টিম কুকুরটিকে উদ্ধার করতে সক্ষম হয়।
জানা যায়, গতকাল রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজ রোডের বিগ বাজার শপিং কমপ্লেক্সের সামনের একটি হাই-ড্রেনের মধ্যে কুকুরটি পড়ে যায়। স্থানীয় এক ব্যক্তি ওই রোড দিয়ে যাওয়ার সময় ড্রেনের মধ্য থেকে কুকুরের আর্তনাদ শুনতে পেয়ে কাছে গেলে কুকুরটিকে ড্রেনের মধ্যে আটকে থাকতে দেখেন। কুকুরটির পক্ষে ওই ড্রেন থেকে ওঠে আসা সম্ভব না বুঝতে পেরে তিনি চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসে খবর দেন। কয়েক মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের ৫ সদস্যের একটি টিম উদ্ধার কাজে ব্যবহৃত একটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং প্রায় ১০ মিনিটের প্রচেষ্টায় কুকুরটিকে ওই ড্রেন থেকে উদ্ধার করতে সক্ষম হয়।
এদিকে, ফায়ার সার্ভিসের গাড়ি ও কর্মীদের দেখে ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় ব্যক্তি ও উৎসুক পথচারীরা। কুকুরটিকে উদ্ধারের পর ফায়ার সার্ভিসের টিমিটিকে সাধুবাদ জানান তাঁরা।
এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের ৫ সদস্যবিশিষ্ট ওই টিমের টিম লিডার সৈয়দ আলী জানান, ‘মুঠোফোনে এক ব্যক্তি চুয়াডাঙ্গা সরকারি কলেজ রোডের বিগ বাজার শপিং কমপ্লেক্সের সামনের হাই-ড্রেনে একটি কুকুরের আটকে পড়ার ব্যাপারে জানালে আমরা ৫ সদস্যের একটি টিম ঘটনাস্থলে আসি এবং কুকুরটিকে উদ্ধার করতে সক্ষম হই।’
কমেন্ট বক্স