পাঁচকমলাপুর হাফেজিয়াসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণ
- আপলোড তারিখঃ
১৩-১২-২০১৯
ইং
জেলা পুলিশের আয়োজনে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় হামদ্-নাত, ক্বিরাত ও রচনা প্রতিযোগিতা
সমীকরণ প্রতিবেদন:
মহান বিজয় দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় হামদ্-নাত, ক্বিরাত ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে গতকাল বৃহস্পতিবার পৃথক আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় মহান বিজয় দিবস উপলক্ষে হামদ্-নাত, ক্বিরাত ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের অডিটরিয়ামে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ ও চুয়াডাঙ্গা সদর থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) এইচ এম লুৎফুল কবীর।
এ ছাড়াও অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এ বি এম রবিউল ইসলাম, সদর উপজেলা মসজিদের ইমাম মাওলানা রেজাউল ইসলাম ও জেলা শিল্পকলা একাডেমির শহিদুল হক বিশ্বাস। বিচারকদের সিদ্ধান্ত মোতাবেক প্রতিযোগীদের মধ্যে ‘ক্বিরাত’ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন বেলগাছি আছির উদ্দীন মাদ্রাসার শিক্ষার্থী আব্দুস ছালাম, দ্বিতীয় হন ফার্মপাড়ার খাদেমুল ইসলাম, মাদ্রাসার শিক্ষার্থী মো. সুফিউল্লাহ, তৃতীয় হন বদরগঞ্জ আলিম মাদ্রাসার শিক্ষার্থী মো. সাব্বির হাসান। এ ছাড়াও হামদ্ ও নাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ফার্ম পাড়ার খাদেমুল ইসলাম মাদ্রাসার শিক্ষার্থী মো. সুফিউল্লাহ, দ্বিতীয় চুয়াডাঙ্গা আদর্শ উচ্চবালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমা খাতুন ও তৃতীয় ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ফারদিন হাসান। এ সময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
সদর থানা পুলিশের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তিলাওয়াত করেন পুরাতন বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমাম মো. জসীম উদ্দীন। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন চুয়াডাঙ্গা পুলিশের ডিএসবি বিভাগের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গা থানা ও চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে হামদ-নাত, ক্বিরাত ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা মঞ্চে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হাফিজুর রহমান, মাওলানা হজরত আলী, আলইকরা ক্যাডেট একাডেমির অধ্যক্ষ এনামুল হক ও মাওলানা আব্দুল হান্নান। এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন বণিক সমিতির সাধারণ সম্পাদক মীর শফিকুল ইসলাম, ওসি অপারেশন স্বপন কুমার দাস, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা আরাফাত উল্লাহ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, এস আই আসিকুর রহমান প্রমুখ। প্রতিযোগিতায় অংশ নেয় আলমডাঙ্গা মাদ্রাসা, পাঁচকমলাপুর কওমিয়া হাফেজিয়া মাদ্রাসা, শ্যামপুর মাদ্রাসা, নওলামারি মাদ্রাসা ও কলাকেন্দ্র। ক্বিরাত প্রতিযোগিতায় আলমডাঙ্গা মাদ্রাসার ছাত্র মাহমুদুল হাসান প্রথম, একই মাদ্রাসার ইয়াসিন খান দ্বিতীয় ও পাঁচকমলাপুর মাদ্রাসার ছাত্র আব্দুল হাই তৃতীয় স্থান অধিকার করেছে। রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের নাম পরবর্তীতে জানানো হবে এবং বিজয় দিবসের দিন বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করা হবে বলে জানা গেছে।
কমেন্ট বক্স