আমঝুপি মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী
- আপলোড তারিখঃ
০১-১২-২০১৯
ইং
প্রতিবেদক, আমঝুপি:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি আলিম মাদ্রাসায় ৪তলা একাডেমিক ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। আমঝুপি আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আমঝুপি আলিম মাদ্রাসায় ভিত্তি প্রস্তর স্থাপন শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, আমঝুপিতে হবে মিনি স্টেডিয়াম এবং আমঝুপি নীলকুঠি হয়ে উঠবে আধুনিক শিশুপার্ক। আমঝুপি নীলকুঠির নদী খনন করা হবে। সেখানে পর্যটনকেন্দ্র স্থাপন করা হবে। আমঝুপির যেসব রাস্তা-ঘাট এখনো সংস্কার করা হয়নি, সেগুলো অতি শিগগিরই সংস্কার করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মেহেরপুর জেলা প্রশাসক মো. আতাউল গনি ও মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলী। সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহ্জামান, আমদহ ইউনিয়নের চোয়ারম্যান আনারুল ইসলাম, কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী প্রমুখ।
কমেন্ট বক্স