চুয়াডাঙ্গায় হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে অভিযান
- আপলোড তারিখঃ
৩০-১০-২০১৯
ইং
নিজস্ব প্রতিবেদক:
হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান চালিয়েছে চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশ। চালকদের মাথায় হেলমেট না থাকলেই আটক করা হচ্ছে তাঁদের মোটরসাইকেল। পরে হেলমেট কিনিয়ে মাথায় পরিয়ে দিয়ে ছাড়া হচ্ছে আটক করা ওই সব মোটরসাইকেল। গতকাল মঙ্গলবার সকাল থেকে চুয়াডঙ্গা বড় বাজার, সরকারি কলেজ মোড়সহ বিভিন্ন স্থানে হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে অভিযানে নামে চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশ।
চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেল আরোহীদের নিরাপত্তার কথা ভেবে গত ২৪ সেপ্টেম্বর নো হেলমেট নো ফুয়েল কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। কিন্তু উদ্বোধনের পরও কিছু অসাধু চালক হেলমেট ছাড়াই ট্রাফিক পুলিশের চোখ ফাঁকি দিয়ে অলি-গলির মধ্যে দিয়ে চলাচল করছেন। হেলমেট ছাড়াই পেট্টল পাম্পগুলোতে ভয়ভীতি দেখিয়ে তেল নিচ্ছিলেন কিছু চালক। ফলে ওই সব অসাধু চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাড়াশি অভিযানে নামে চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশ। গতকালও উর্ধ্বতন কর্মকর্তাসহ চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের সদস্যরা শহরের শহীদ হাসান চত্ত্বর, সরকারি কলেজ মোড়সহ বিভিন্নস্থানে অভিযান চালান। ওই অভিযানে মোটরসাইকেলের কাগজসহ চালকদের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ট্রাফিক আইন অনুযায়ী মোট ৯৮টি মামলা দেওয়া হয়। একই সঙ্গে কাগজপত্র না থাকায় চারটি মোটরসাইকেল আটক করেন তাঁরা। আর কাগজপত্র থাকলেও হেলমেট ছিল না যে সব চালকদের, তাঁদের মোটরসাইকেল আটক করে হেলমেট কেনানো হয়। পরে ওই হেলমেট মাথায় পরিয়ে দিয়ে আটক করা গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়য়ে চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) আহসান হাবীব বলেন, এ জেলার মোটরসাইকেল আরোহীদের নিরাপত্তার কথা ভেবে নো হেলমেট নো ফুয়েল কার্যক্রম শুরু করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। সেই থেকেই তাঁদের এ কার্যক্রম চলমান আছে। এ জেলার শতভাগ মানুষ হেলমেট পরিধান করে নিজের নিরাপত্তাসহ মোটরসাইকেল চালাবেন এটাই পুলিশের লক্ষ্য। এ সময় তিনি আরও বলেন, এ কার্যক্রমটি বাস্তবায়ন করতে পুলিশ সদস্যসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে হেলমেট ছাড়া চলাচল করবেন না বলে হুঁশিয়ারি দেন। এ অভিযান চলমান রাখতে বিভিন্ন শপিংমল, কাচা বাজার, দোকানের সামনে তেল পাম্পসহ বিভিন্নস্থানে ঝটিকা অভিযানও চালাবে চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশ। সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মোটরসাইকেল রেখে হেলমেট কিনতে যাওয়ার বিড়ম্বনা এড়াতে হেলমেটসহ সড়কে চলাচল করতে অনুরোধও করেন তিনি।
কমেন্ট বক্স